ঘর ভেঙে দিলেন সমাজপতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের কান্দি গ্রামের এক দরিদ্র ভ্যানচালকের ঘর গুঁড়িয়ে দিয়েছেন সমাজপতিরা। তাঁর মেয়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ এনে গত সোমবার ভেঙে দেওয়া হয় তাঁদের ঘর। এ ব্যাপারে শিবচর থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে।মেয়েটির মা বলেন, ‘মাইয়া আমাগো না জানাইয়া পাশের গ্রামের এক পোলারে বিয়া করেছে। আমরা কয় দিন আগে এইডা জানছি। আমার মাইয়া ছয় মাসের গর্ভবতী। গ্রামের মাইনষে এই বিয়া মানতে চায় না।’ তিনি আরও বলেন, ‘পাশের বাড়ির ইউনুস মোল্লা আমার কাছে ২০ হাজার টাহা চাইছিল। আমি দিতে পারি নাই। তার লাইগা ওরা আমাগো ঘর ভাইঙ্গা দিছে। আর গ্রাম ছাইড়া না গেলে মাইরা হালাইবো কইছে। থানায় অভিযোগ দিছি। কিন্তু কোনো পুলিশ স্যারে অহনও আহে নাই।’মেয়েটির ছোট বোন (৮) কাঁদতে কাঁদতে বলে, ‘সক্কালে ঘুম থিকা উইড্ডা দেহি বাড়ির সামনে অনেক মানুষ। তারা চোক্ষের নিমিষে আমাগো ঘর ভাইঙ্গা দিল। আমার গাছে ফুল অইছিল, তা-ও ভাইঙ্গা হালাইলো।’নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকে জানান, অন্যায় হলে তো আইন আছে। এভাবে ঘর ভেঙে দেওয়া ঠিক হয়নি।সমাজপতি ইউনুস মোল্লা বলেন, ‘আমি কখনো ওদের কাছে টাকা চাই নাই। করিমের বড় মেয়েডা খারাপ। আমরা এ নিয়ে অনেকবার বিচার করেছি। লাভ হয় নাই। এলাকাবাসী ক্ষেইপা ওগো ঘর ভাইঙ্গা দিছে।’শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টা দেখছি।’