
ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানার তিন সপ্তাহ পরও চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের বেশ কিছু পরিবার এখনো বেড়িবাঁধে বাস করছে। তাদের কেউ বাঁশ, চট, পলিথিন দিয়ে ছোট ঘর তুলে থাকছে। আবার কেউবা খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে বাস করছে। গত শনিবার দুপুরে আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা ও ফকিরহাট এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা যায়।
উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের বাসিন্দা ঠান্ডা মিয়া (৫৬) প্রথম আলোকে বলেন, ঘর পানিতে ভেসে যাওয়ায় এক কিলোমিটার দূরের বেড়িবাঁধে তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছেন। ওই গ্রামের জমিলা খাতুন (৪৮) বলেন, ‘বাঁধ ভেসে গিয়ে ঘরের চারপাশেই এখন পানি থই থই করে। নৌকা ছাড়া ঘরের বাইরে বের হওয়া যায় না। জানি না এ কষ্টের শেষ হবে কবে।’
ছয় কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার রায়পুর ইউনিয়নের বার আউলিয়া, বাছা মিয়া মাঝিরঘাট, ঘাটকুল, ধলঘাট, ফকিরহাট ও দক্ষিণ সরেঙ্গা এলাকায় দিনে দুইবার জোয়ারের পানি ওঠানামা করছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, উপজেলার ৪৮ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ছয় কিলোমিটার সম্পূর্ণ বিলীন আর আট কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাউবোর উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, আনোয়ারা উপকূলের ক্ষতিগ্রস্ত বাঁধ জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য আপাতত ৩ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সংস্কারকাজ শুরু হবে।