ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ প্রশাসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ধোবাপুকুরপাড়ে ক্ষুদ্র জাতিসত্তার জনসাধারণের শ্মশান ও মন্দিরের জমি দখল করে ঘর নির্মাণকারীদের ঘর সরিয়ে নিতে বলা হয়েছে। তা না হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ঘর নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শ্মশান ও মন্দিরের জমি দখল করে ঘর নির্মাণবিষয়ক জটিলতা নিয়ে সভা হয়। সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুরুন নেসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আহমেদ, রাধানগর ইউপির চেয়ারম্যান মামুনুর রশিদ, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল, গোমস্তাপুর প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।

বাইরুল ইসলাম ও ওসি শাহীন কামাল প্রথম আলোকে বলেন, সভায় ঘর নির্মাণকারীদের ডাকা হয়। ইউএনও ঘর নির্মাণকারীদের শিগগিরই পুকুরপাড়ের খাসজমি থেকে ঘর সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নির্মাণকারীরা ঘর সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া সাংসদ গোলাম মোস্তফাও তাঁদের আইনকানুন মেনে চলার আহ্বান জানান।

ক্ষুদ্র জাতিসত্তার লোকদের অভিযোগ, ধোবাপুকুরপাড়ে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসা ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের শ্মশান ও মন্দিরের জমি দখল করার জন্য গত ৮ জুলাই রাতে শতাধিক লোক ৩০-৪০টি ঘর নির্মাণ করেন। বাধা দিতে গিয়ে ক্ষুদ্র জাতিসত্তার পাঁচজন নারী-পুরুষ পিটুনির শিকার হন। পরে ১৩ জুলাই গভীর রাতে আবার ঘর নির্মাণ করেন ওই লোকের। গত শুক্রবার বিকেলে পুলিশ সেসব ঘর উচ্ছেদ করে। কিন্তু ওই দিন রাতেই তাঁরা আবার ২০-২৫টি নতুন ঘর নির্মাণ করেন। এ সময় পুলিশ বাধা দিতে গেলে সামনে নারী ও শিশুদের এগিয়ে দেওয়ায় পুলিশ ব্যবস্থা নিতে পারেনি। গতকাল সোমবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুকুরপাড়ে ঘরগুলো ছিল।

অন্যদিকে ঘর নির্মাণের প্রতিবাদে ও কর্মসূচি নির্ধারণের জন্য গতকাল বেলা ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউপির কারিতাস কার্যালয়ে বিভিন্ন এলাকার ক্ষুদ্র জাতিসত্তার নেতৃস্থানীয় ব্যক্তিদের সভা হয়। সভায় বক্তারা যুগ যুগ ধরে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের শ্মশান হিসেবে ব্যবহার হওয়া জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের তীব্র নিন্দা এবং এর মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।