ঘর সাজানোর প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবই আছে এ মেলায়। আছে বাড়ি কেনার জন্য ঋণের ব্যবস্থা থেকে আসবাব। শোয়ার, বসার, রান্নার ও শিশুর ঘরগুলো আকর্ষণীয় রং, নকশা আর আধুনিক সরঞ্জামে সাজানোর ব্যবস্থা। অন্দর সজ্জার জন্য রয়েছে নকশাদার টাইলস, কাঠের জালি, শোভাবর্ধক গাছ ও বিভিন্ন ধরনের বাতি।

এমন সব আয়োজন নিয়েই রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের গুলনকশা হলে গতকাল শুক্রবার সকালে শুরু হলো দুই দিনব্যাপী অন্দরসজ্জা প্রদর্শনী ‘হোম ফেস্ট-২০১৬’। উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীতে ১৭টি স্টলে রয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। মানুষ এখন আয়েশি হয়েছে। তারা অন্দরসজ্জায় ভিন্নতা আনতে চায়। শুধু শহর নয়, অন্দরসজ্জার আগ্রহ গ্রামেও ছড়িয়েছে। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান রশিদ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান প্রমুখ বক্তব্য দেন। বাড়ির ভেতরটা নানা কৌশলে ও নকশায় সাজাতে আগ্রহীদের সহায়তা দিতেই দ্বিতীয়বারের মতো হোম ফেস্টের এই আয়োজন। প্রদর্শনীতে গৃহঋণের জন্য রয়েছে ইবিএল ব্যাংক।  প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আজ শনিবার বেলা ১১টায় শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।