স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সারা দেশের ঘরছাড়া শতাধিক জঙ্গি ফিরে আসতে শুরু করেছে। ইতিমধ্যে যশোরে দুজন আত্মসমর্পণ করেছে। অনেককে চিহ্নিত করা হয়েছে। কারা অর্থ দিচ্ছে, কারা নেতৃত্ব দিচ্ছে এসব জানা গেছে।
গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরের বাঙলা কলেজ মাঠে ‘জঙ্গি ও সন্ত্রাসবিরোধী নাগরিক ঐক্য’ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সমাবেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, কল্যাণপুরে পুলিশের অভিযানে এনকাউন্টারে জঙ্গি নিহত হওয়ার সমালোচনাকারীরা পরোক্ষভাবে জঙ্গিদের সমর্থন করছেন। আইজিপি বলেন, ‘আমরা কি চাই বাংলাদেশ পাকিস্তান হোক? চাই না বিধায় আমরা সচেতন হয়েছি, রুখে দাঁড়িয়েছি। তারপরও একটি মহল পুলিশের কর্মকাণ্ডকে বিতর্কিত করছে বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, ইউটিউব-ফেসবুকের মাধ্যমে।’
এনকাউন্টারের সমালোচনাকারীদের দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করে আইজিপি বলেন, ‘আমরা কি এই জঙ্গিদের আদর করব? কাছে গেলে তো ওরা গুলি করে, গ্রেনেড মেরে আমাদের মেরে ফেলে। সেখানে যদি যুদ্ধ হয়, এনকাউন্টার হয়, মারা যায়, পুলিশের ভূমিকা নিয়ে আপনারা যদি প্রশ্ন করেন...আপনাদের মধ্যে দেশপ্রেম আছে?’ আইজিপি বলেন, ‘নেপথ্যে আপনি (সমালোচনাকারীরা) সন্ত্রাসী জঙ্গিদের সমর্থন করছেন। এরা জঙ্গিদের সাপোর্ট করে। এরা চায় জঙ্গিরা অপতৎপরতা করুক, সরকার বিপাকে থাক।’
সমাবেশে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিভাবকদের সন্তানের প্রতি, শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আর মহল্লাবাসীকে নতুন আগন্তুকদের প্রতি দৃষ্টি রাখতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন সাংসদ এ কে এম রহমত উল্লাহ, আসলামুল হক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, বাঙলা কলেজের অধ্যক্ষ ইমাম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে ঢাকা-১৪ আসনের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।