ঘরটি গুঁড়িয়ে দেওয়া হবে কাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির চারপাশের গাছপালা কেটে সাবাড় করা হয়েছে। পাকা ঘর তৈরির জন্য আনা হয়েছে ইট। কাল মঙ্গলবারের মধ্যে বেড়া ও টিনের ঘরটি সরিয়ে নিতে বলা হয়েছে। নয়তো সেটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন প্রভাবশালী ব্যক্তিরা।চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব খীলমোগল গ্রামের এ বসতঘরটি জয়নাব বেগমের। স্বামী নূরুল আবছার দিনমজুর, সহায়-সম্বল নেই। পৈতৃক সূত্রে জয়নাব ঘরের ওই ভিটাটুকু পেয়েছিলেন। সেখানে ১৫ বছর ধরে আছেন। কিন্তু গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের হুমকিতে ছোট তিন ছেলেমেয়ে নিয়ে তিনি এখন বিপদে পড়েছেন। প্রতিকার চেয়ে গত শনিবার রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি।অভিযোগে জয়নাব বেগম উল্লেখ করেন, উপজেলার লালানগর ইউনিয়নের পূর্ব খীল মোগল গ্রামের মোহামঞ্চদ আলী, জাকারিয়া সিরাজ ও আবদুল খালেক দুই মাস আগে হোচনাবাদ মৌজার বিএস ৪৭৫০ দাগ থেকে ১৮ শতাংশ জমি কেনেন। উত্তরাধিকারসূত্রে ওই জমির মালিক তাঁর (জয়নাব) মা, পাঁচ ভাই ও পাঁচ বোন। কিন্তু পাঁচ ভাই ও দুই বোনের অংশ কিনে অভিযুক্ত ব্যক্তিরা পুরো ৩০ শতাংশ জমি জবরদখলের চেষ্টা করছেন। গত শনিবার দুপুরে প্রভাবশালী ব্যক্তিরা তাঁর বসতঘরের চারপাশে লাগানো ১২-১৩ বছর বয়সী ৫০টি আমগাছ, আটটি কাঁঠাল, পাঁচটি জাম্বুরা, একটি সুপারি, দুটি লিচু, তিনটি কড়ই গাছসহ ১৫০টি গাছ কেটে ফেলেন। এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। সেসঙ্গে আগামী মঙ্গলবারের মধ্যে তাঁকে বসতঘর সরিয়ে নিতে বলা হয়েছে। নয়তো সেটি গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন প্রভাবশালী ব্যক্তিরা। জয়নাব বলেন, ‘স্বামী ও তিন সন্তান নিয়ে আমার সংসার। স্বামীর জমিজমা নেই। পৈতৃক সূত্রে আমি সামান্য জমি পেয়েছিলাম। সেখানে বাঁশের বেড়া ও টিনের চালা দিয়ে ঘর করে আছি। এখন সেই ঘর ছেড়ে কোথায় যাব আমরা?’ তিনি জানান, ৩০ শতাংশের মধ্যে বাকি ১২ শতাংশ জমিতে তিনি, তাঁর মা ও দুই বোনের অংশ রয়েছে। সেটুকু তাঁরা বিক্রি করেননি। অথচ প্রভাবশালী ব্যক্তিরা তাঁকে উচ্ছেদের পাঁয়তারা করছেন।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মোহামঞ্চদ আলী ও তাঁর সহযোগীরা ভূমিদস্যু হিসেবে পরিচিত। যে জমি তাঁদের নজরে পড়ে, সে জমি নিজেদের দখলে নিয়ে ছাড়েন।গাছ কাটার কথা স্বীকার করে অভিযুক্ত মোহামঞ্চদ আলী বলেন, ‘আবদুল খালেক, জাকারিয়া সিরাজ ও আমি জয়নাবের পাঁচ ভাই ও দুই বোনের কাছ থেকে ১৮ শতাংশ জমি কিনেছি। মা, দুই বোন ও জয়নাবের আরও ১২ শতাংশ জমি রয়েছে সেখানে। এর মধ্যে জয়নাবের জমি আছে মাত্র দশমিক ৭৫ শতাংশ। তার মা ও দুই বোনের জমি আমাদের কাছে বিক্রি করবে। তাই ওই জমি থেকে বসতঘর সরিয়ে নেওয়ার জন্য বলেছি। ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা দেওয়ারও প্রস্তাব দিয়েছি। তাতে রাজি না হয়ে সে থানা পুলিশ ও বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। এতে তার কী লাভ হয় দেখি।’রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোর্শেদ প্রথম আলোকে বলেন, গাছপালা কেটে ফেলা ও বসতঘর সরিয়ে নেওয়ার হুমকির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।