ঘরবাঁধা মিস্ত্রিদের পোয়াবারো
কালবৈশাখীতে বগুড়ার শিবগঞ্জে অসংখ্য ঘরবাড়ির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ এসব ঘরবাড়ি মেরামত করতে হন্যে হয়ে ঘরবাঁধা মিস্ত্রিদের খুঁজছেন। মিস্ত্রিদের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে তাঁরা অতিরিক্ত মজুরি আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত উপজেলার পাঁচ-ছয়জন জানান, ৪ এপ্রিলের কালবৈশাখীতে অসংখ্য স্থাপনা ও বাড়িঘরের টিনের চাল উড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঘরবাঁধা মিস্ত্রিদের চাহিদা বেড়ে যায় আকাশছোঁয়া। কার আগে কে তাঁদের দিয়ে ভাঙা ঘর সারাতে পারেন, তা নিয়ে চলছে তোড়জোড়। এ সুযোগটিই লুফে নিয়েছেন মিস্ত্রিরা। তাঁরা সুযোগ বুঝে দ্বিগুণ বা তিন গুণ বেশি মজুরি চাচ্ছেন টিন মেরামত বা নতুন করে টিন লাগানোর জন্য। আগে যে কাজ ৩০০ টাকায় তাঁরা করতেন, এখন সেই কাজ করাতে ৭০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত চাইছেন।
উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের রাজু আহমেদ (৪৫) বলেন, ‘ঝড়ে আমার দুটি ঘরের টিন উড়ে গেছে। নতুন করে টিন লাগানোর জন্য চার দিন চেষ্টার পর প্রায় তিন গুণ মজুরি দিয়ে এক ঘরবাঁধা মিস্ত্রি জোগাড় করতে পেরেছি।’
ঘরবাঁধা মিস্ত্রি মোসলেম উদ্দিন (৫০) বলেন, ‘আগের মতো আমাদের আর কাজ হয় না। সবাই এখন পাকা বাড়ি বানানোর দিকে ঝুঁকেছে। তাই সারা বছর বলতে গেলে বসেই থাকতে হয়। ঝড়ে একটা সুযোগ এসেছে। তাই কিছু টাকা বেশি নিচ্ছি।’