ঘরবাড়ি উচ্ছেদ করে বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বন্ধের দাবি
চাঁপাইনবাবগঞ্জে ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান উচ্ছেদ করে বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার শহরে মিছিল ও মানববন্ধন হয়েছে। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা এলাকার পাঁচ শতাধিক লোক শহরে এসে মিছিল করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলাম, আওয়ামী লীগের নেতা কামাল উদ্দীন, শরিফুল ইসলাম, শাহজালাল শাহীন, মুসফিকুর রহমান, পারভীন আক্তার, রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আমনূরা-গোদাগাড়ী সড়ক ঘেঁষে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ প্রকল্পের জন্য মূল্যবান ১৪ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে বাজারমূল্যের চেয়ে অনেক কম। জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন করা হলে বহু দোকানপাটসহ একটি গ্রামই উচ্ছেদ হয়ে যাবে। প্রকল্পের আওতাভুক্ত সাহানিপাড়া গ্রামের বাসিন্দাদের সবাই গরিব। এ কারণে অধিগ্রহণের জন্য নির্ধারিত দামে জমি দিয়ে কেউ পুনর্বাসিত হতে পারবে না। এ অবস্থায় এলাকার লোকজন কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের এ উদ্যোগকে রুখবে।বক্তারা আরও বলেন, ইতিমধ্যে আমনূরায় একটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ অবস্থায় আবাসিক ও বাণিজ্যিক এলাকায় আরও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। ওই এলাকা থেকে প্রকল্প প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে বক্তারা জানান।