ঘরবাড়ি ও গাছপালার মূল্য পুনরায় নির্ধারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য সেনানিবাস নির্মাণ করা হচ্ছে। সে জন্য জেলা প্রশাসনের মাধ্যমে ৯৯ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ওই জমিতে থাকা ঘরবাড়ি, স্থাপনা ও গাছপালার মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ ওঠায় জেলা প্রশাসক পুনরায় মূল্য নির্ধারণের নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা রক্ষার লক্ষ্যে ৯৯ কম্পোজিট ব্রিগেডের স্থায়ী সেনানিবাস নির্মাণ করার জন্য ৯৯ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণ করতে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। গত বছরের ৫ মে সেনাবাহিনী এই চিঠি দেয়। এরপর জমি অধিগ্রহণ করার জন্য জেলা প্রশাসন থেকে ১ জুন জমির মালিকদের নোটিশ করা হয়। জেলা প্রশাসন ও সেনাবাহিনী ১৬ জুন যৌথ তদন্ত শুরু করে জমির মালিকদের তালিকা ও স্থাপনার তালিকা প্রস্তুত করতে থাকে। ঘরবাড়ি ও স্থাপনার মূল্য নির্ধারণ করার জন্য সেই তালিকা ২২ আগস্ট শরীয়তপুর গণপূর্ত বিভাগকে ও গাছপালার মূল্য নির্ধারণের জন্য সামাজিক বন বিভাগকে দেওয়া হয়।
গণপূর্ত বিভাগ ও বন বিভাগ থেকে মূল্য নির্ধারণের কাজ শেষ করে গত ডিসেম্বরে সেই তালিকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় জমা দেওয়া হয়। অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ পাওয়ার আশায় ঘরবাড়ি, পুকুর, অন্যান্য স্থাপনা নির্মাণ করে একটি চক্র। এ ছাড়া ওই স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অভিযোগ উঠেছে, ওই সব স্থাপনা ও গাছপালার অতিরিক্ত মূল্য ধরা হয়েছে। ওই জমি এক বছর আগেও ছিল পদ্মার ধু ধু বালুচর। ঘরবাড়ি ও স্থাপনার মূল্য নির্ধারণ করেছেন শরীয়তপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহরিয়ার জাহান এবং গাছপালার মূল্য নির্ধারণ করেছেন শরীয়তপুর সামাজিক বন ও নার্সারি কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীর কুমার রায় দেব সিংহ। এ নিয়ে গত ১০ ফেব্রুয়ারি ‘বাড়তি ক্ষতিপূরণের আশায় ঘর নির্মাণ, পুকুর খনন’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গত ১৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেন। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ তদন্ত অনুয়ায়ী সরেজমিন পুনঃতদন্ত ও যাচাইপূর্বক বাস্তবভিত্তিক বাজারমূল্য নির্ধারণের অনুরোধ করা হয়।
সামাজিক বন বিভাগ ফরিদপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া বলেন, চিঠি পেয়ে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ওই কমিটি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেবে এবং পুনরায় মূল্য নির্ধারণ করে তালিকা জমা দেবে।
শরীয়তপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার জাহান বলেন, ‘ঘরবাড়ির অতিরিক্ত মূল্য নির্ধারণের বিষয়ে আমি তদন্ত প্রতিবেদন নির্বাহী প্রকৌশলীর কাছে জমা দিয়েছি।’
জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, তদন্তে অনিয়মের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।