ঘরবাড়ি ও ফসলের ক্ষতি বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলে গত শুক্র ও রোববারের ঝড় এবং শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রংপুরের তারাগঞ্জ, কুড়িগ্রামের রাজীবপুর, নীলফামারীর জলঢাকা ও লালমনিরহাটে পাঁচজনের মৃত্যু হয়েছে। খুঁটি উপড়ে পড়ে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রংপুর: শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জেলার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। সঙ্গে ছিল শিলাবৃষ্টি। এতে সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৫০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। জেলা কৃষি সমপ্রসারণ কার্যালয়ের কর্মকর্তা রুহুল আমিন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।তারাগঞ্জ (রংপুর): রোববার উপজেলার ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের লাল মিয়ার মেয়ে লিভিয়া আক্তার (৭) ও ছেলে লিয়ন মিয়া (৯) তারাগঞ্জের আপেলে মিলিনিয়াম স্কুলে প্রাইভেট পড়তে যায়। বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি ফেরার পথে আকস্মিক কালবৈশাখীর তাণ্ডবে ওই স্কুলের ৩০০ গজ সামনে গাছের নিচে চাপা পড়ে লিভিয়া ঘটনাস্থলে মারা যায়। আহত হয় লিয়ন। এ ছাড়া ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে ১২ জন আহত হয়।পীরগাছা (রংপুর): শুক্রবার রাতে ও রোববার বিকেলে দুই দফায় উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে দুই সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে। ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৫ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আজিজুল ইসলাম।নীলফামারী: ঝড়ে নীলফামারীতে সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। জেলা ত্রাণ কমকর্তা মোল্লা আবদুর রউফ জানান, এ মৌসুমে অন্য ঝড়ের তুলনায় রোববারের ঝড়ে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে।কুড়িগ্রাম: ঝড় ও শিলাবৃষ্টিতে কুড়িগ্রাম রাজীবপুরে আছিয়া বেগম (৬৫) নামের একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম শহরে তিনজন গুরুতরভাবে আহত হয়েছে। শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, গমসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।উলিপুর (কুড়িগ্রাম): বৃহস্পতিবার মধ্য রাতে এবং শুক্রবার শেষ রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার পাঁচ শতাধিক ঘরবাড়ি, পাঁচ হাজার হেক্টর জমির বোরো, ভুট্টা, মরিচ ও বেগুনখেত নষ্ট এবং সহস্রাধিক গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের লাইন ছিঁড়ে যাওয়ায় এখন পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।শেরপুর (বগুড়া): রোববারের ঝড়ে উপজেলায় উড়ে গেছে শতাধিক বাড়ির ঘরের টিন। ভেঙে পড়েছে গাছপালা। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ-সংযোগ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন শামছুন্নাহার শিউলী জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির তালিকা এখন পর্যন্ত পাওয়া যায়নি।নীলফামারী: রোববার সকালে ঝড়ের সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের ফাটা তারে জড়িয়ে জলঢাকা পৌরসভার উত্তর কাজীরহাট এলাকায় রোমেনা বেগম (৩৮) ও নুরমালা নামের দুজনের (৪০) মৃত্যু হয়। এ সময় একই এলাকার মঞ্জুয়ারা গুরুতর আহত হয়। জলঢাকা থানার ওসি (তদন্ত) মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।লালমনিরহাট: কালবৈশাখীর তাণ্ডবে রোববার সন্ধ্যায় সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সেলিমনগর গ্রামের কলেজছাত্র এনামুল হক (২০) নিহত ও পুরো জেলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এ সময় প্রায় ছয় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আলম এনামুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।