ঘরবাড়ি ঝুঁকিতে ফেলে উঠছে বহুতল ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের রেলস্টেশন রোডে বহুতল বাণিজ্যিক একটি ভবনের নির্মাণকাজ প্রায় এক বছর আগে শুরু হয়েছে। ভবনটি নির্মাণ করতে ২০ ফুট গভীর করে মাটি খুঁড়ায় তিন পাশের বসতবাড়ি ও মার্কেটের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি একটি সীমানাপ্রাচীর ও কিছু জমি ১৫-২০ ফুট গভীরে দেবে গেছে। এ জন্য ত্রুটিপূর্ণ ও দুর্বল পাইলিং-ব্যবস্থাকে দায়ী করছেন এলাকার লোকজন। এ ব্যাপারে নির্মাণাধীন ভবনের পাশের জমির মালিকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং আদালতে মামলা করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ১৩তলা নূরজাহান কমপ্লেক্সের ডাবল বেইসমেন্ট পাইলিং করতে গত কয়েক মাস ধরে ১৬ শতাংশ জায়গার মাটি ২০ ফুট গভীর করে সরিয়ে নেওয়া হয়। পরে নকশা অনুযায়ী চারপাশে আরসিসি পাইলিং না করে অল্প কয়েকটি পাইলিং করা হয়। একই সঙ্গে তাঁরা পতিত জায়গায় গজারি কাঠ দিয়ে দুর্বল পাইলিং করে। এতে পাইলিংয়ের ফাঁক দিয়ে বৃষ্টির পানি ঢুকে বড় বড় গর্ত হয়ে পাশের মাটি ধসে পড়ছে। ইতিমধ্যে পাশের বাসা ও মার্কেটের বিভিন্ন স্থানে ফাটল, প্রায় ৯০ ফুট সীমানাপ্রাচীর এবং কয়েক শতাংশ জমির মাটি ১৫ থেকে ২০ ফুট গভীরে দেবে গেছে। আর রেলওয়ের একটি পাকা নালা সম্পূর্ণ ধসে গেছে। ভারী বর্ষণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ মে শহরের স্টেশন রোডের ৫/১ হোল্ডিংয়ের বাসিন্দা মো. হাসান আহাম্মেদ কোতোয়ালি মডেল থানায় নির্মাণাধীন নূরজাহান কমপ্লেক্সের মালিকের বিরুদ্ধে একটি জিডি করেন। এতে তিনি উল্লেখ করেন, ২০ ফুট গভীর করে মাটি কাটায় ও ত্রুটিপূর্ণ পাইলিং করায় তাঁর বসতবাড়ির দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ও খালি জায়গার মাটি ধসে যাচ্ছে।নির্মাণাধীন ভবনের পশ্চিম পাশের ব্যবসায়ী মাহবুব ই খোদা জানান, গত সেপ্টেম্বর মাসে মাটি খননের কাজ শুরু হলে তাঁর ভবনে ফাটল ও গ্যারেজের নয় শতাংশ জমির মাটি ধসে যেতে শুরু করে। এ ব্যাপারে গত ৯ মে তিনি ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে ক্ষতিপূরণ এবং কাজ বন্ধের স্থিতাদেশ চেয়ে মামলা করেন। এতে আদালত বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ পাঠান।নির্মাণাধীন ভবনের সাব-কন্ডাক্টর পীরজাদা খলিলুর রহমান বলেন, ‘এত বড় একটি ভবনের মাটি খনন করায় এমন অবস্থার সৃষ্টি হবে বুঝতে পারিনি।’নির্মাণাধীন নূরজাহান কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেন বলেন, ‘বড় একটি কাজ করতে গেলে এমন ছোটখাটো ক্ষতি হতেই পারে। মাটির নিচের কাজ শেষ হওয়ার পর আমরা ক্ষতিগ্রস্তদের কাজ করে দেব এবং ক্ষতিপূরণ দেব।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘এ সংক্রান্ত কোনো অভিযোগ আমার হাতে এখনো আসেনি।’ এলে তদন্ত করে দেখব।