ঘরবাড়ি নির্মাণে নীতিমালা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য থাকলেও পাবর্ত্য তিন জেলার শহরগুলোতে ভবন নির্মাণের ক্ষেত্রে আলাদা কোনো নীতিমালা নেই। সেখানেও ঘরবাড়ি নির্মাণ হচ্ছে দেশের সমতলের নীতিমালা অনুসরণ করে।

বিশেষজ্ঞরা বলেন, সমতলের নির্মাণবিধি পাহাড়ের জন্য যথাযথ হতে পারে না। দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকার পরিবেশ ও ভূপ্রকৃতিকে বিবেচনায় না নিয়ে ইচ্ছেমতো স্থাপনা নির্মাণ হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে এর আগে পাহাড়ধসে এত মানুষ নিহত হয়নি। রাঙামাটি জেলা প্রশাসন সূত্র জানায়, এবার পার্বত্য তিন জেলায় যে ১৩০ জন নিহত হয়েছে, পাহাড়ধসে এর মধ্যে রাঙামাটিতেই মারা গেছে ১২০ জন। এর ৫৬ জনই রাঙামাটির শহরে। বান্দরবানে নিহত ব্যক্তিদের ৬ জনই পৌর এলাকা এবং শহরতলির বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, পার্বত্য তিন জেলার পৌর শহরে বাড়িঘর নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ অনুসরণ করা হয়। এই বিধিমালার সঙ্গে পার্বত্য অঞ্চলে বাড়তি যে কাজ করতে হয় তা হলো, এখানে বাড়ি যিনি তৈরি করছেন, তাঁর মালিকানা যাচাইয়ের জন্য জেলা প্রশাসক বা জেলা পরিষদের বাজার ফান্ডের অনুমোদন দেখাতে হয়। এ ছাড়া বাড়ির নকশা, মাটি পরীক্ষার প্রতিবেদন সব বিধিমালা অনুযায়ীই করতে হয়। ইমারত নির্মাণ বিধিমালার ৬২ ধারায় বন্যাপ্রবণ অঞ্চল, জলাভূমির কাছের এবং পাহাড়ি এলাকার নির্মাণের কথা আছে। এর ৭ নম্বর উপধারায় বলা আছে, পাহাড় হিসেবে চিহ্নিত জমিতে বিশদ উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী স্থাপনা নির্মাণ করতে হবে।

পার্বত্য তিন জেলার একাধিক প্রকৌশলী বলেছেন, এই আইনে পাহাড়ে বসতবাড়ি নির্মাণের ক্ষেত্রে চট্টগ্রাম শহরকেই বিবেচনায় রাখা হয়েছে। কারণ, পার্বত্য কোনো শহরে বিশদ উন্নয়ন পরিকল্পনার ব্যাপার নেই।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম বলেন, পার্বত্য এলাকার সঙ্গে চট্টগ্রামের মিল রয়েছে। তবে সেগুলো মহানগর নয়। আবার পার্বত্য তিন জেলা শহরের বৈশিষ্ট্য এক রকম নয়। ভূতাত্ত্বিক গঠনের বাইরে আরেক বিষয় হলো, সেখানকার ভিন্ন প্রশাসনিক কাঠামো। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রতিটি জেলা শহরের জন্য আলাদা নির্মাণ বিধিমালা দরকার।

বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস বলেন, সমতল থেকে একেবারেই পৃথক বৈশিষ্ট্যের জন্য পাহাড়ে একটি ভিন্ন নির্মাণবিধি অপরিহার্য। বর্তমানের নানা বিপর্যয় এটিকে আরও অপরিহার্য করে তুলেছে।

রাঙামাটি পৌরসভার চেয়ারম্যান থাকার সময় একটি ভিন্ন বিধি তৈরির কথা বলেছিলেন বলে জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির কেন্দ্রীয় সভাপতি গৌতম দেওয়ান। তিনি বলেন, পাহাড়ের এসব বৈশিষ্ট্য সম্পর্কে নীতিনির্ধারণী পর্যায়ে অনেকবার বলেছি। তবে কোনো কাজ হয়নি।’

পাঠ্যপুস্তক, সরকারি নথি বা যেকোনো প্রতিবেদনে পাকা বাড়ি ও কাঁচাবাড়ির মধ্যে যে পার্থক্য করা হয়, তা পাহাড়ে প্রয়োগ করাতেই বড় ধরনের ভুল হয় বলে মনে করেন স্থপতি হেন্ হেন্। তিনি বলেন, সমস্যাটা দর্শনগত। পাহাড়ের পরিবেশের সঙ্গে যায় বাঁশ ও কাঠনির্মিত বাড়ি। পাকাবাড়ি ভালো, এমন ধারণা পাহাড়ে ব্যাপকভাবে প্রয়োগ করেই ভুল হয়েছে। আবার পাহাড়ের পরিবেশ অনুযায়ী পাকাবাড়ি নির্মাণে অভ্যস্ত নন নির্মাণকর্মীরা। সমতলে তাঁরা যেভাবে বাড়ি তৈরি করেন, এখানেও তা-ই করতে চান। পাহাড়ের বিভিন্ন স্তর ধরে নির্মাণের কোনো প্রশিক্ষণই তাঁদের নেই।

সমতলের নিয়মনীতিতে পাহাড়ে ঘরবাড়ি বানানোতে যে নানা ত্রুটি থেকে যায়, তার একটি উদাহরণ তুলে ধরেন রাঙামাটি পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান আতিক। তিনি প্রথম আলোকে বলেন, কোনো ব্যক্তি পাহাড়ে ঘর বানাতে গিয়ে দেখলেন পুরো পাহাড়টা হয়তো ৮০ ফুট ধরে বিস্তৃত। কিন্তু তিনি ঘর বানাবেন ৩০ ফুট এলাকার মধ্যে। এখন তিনি ওই ৩০ ফুটের মাটি পরীক্ষা করে এনে প্রতিবেদন দিলেন। এতে পুরো পাহাড়টার মাটির ধরণ কিন্তু জানা গেল না। তিনি আরও বলেন, ‘আবার শুকনো মৌসুমের প্রতিবেদনের ফলাফল দেওয়া হলে এক রকম হয়, বর্ষায় এর পরিস্থিতি কেমন হয়, তার প্রতিবেদন আমরা পাই না।’

পার্বত্য তিন জেলা শহরের মধ্যেও গঠনবৈচিত্র্যে ভিন্নতা আছে। রাঙামাটি কৃত্রিম হ্রদসংলগ্ন, বান্দরবানের পাহাড়গুলো খাড়া আর খাগড়াছড়ি হলো উপত্যকা। তাই এই তিন এলাকার জন্য ভিন্ন ধরনের নির্মাণনীতি প্রয়োগ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পার্বত্য এলাকায় সাম্প্রতিক বিপর্যয়ের পর এখন একটি বিশদ নীতিমালার কথা জোরেশোরে ভাবা হচ্ছে বলে জানান পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। তিনি বলেন, ‘তিন জেলা শুধু নয়, দেশের সব পাহাড়ি শহরের জন্যই এখন ভাবার সময় এসেছে। তবে আমাদের তিন জেলার বিষয়টি নিয়ে একটি মহাপরিকল্পনার কথা এখন ভাবছি।’