ঘরবাড়ি ভাঙচুর করে জমি দখলের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামে ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার এই ঘটনার সময় একজন গৃহবধূকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গরানবাড়িয়ার ভ্যানচালক মুকুল গাজী তাঁর স্ত্রী কারিমা খাতুনসহ তিন সন্তানকে নিয়ে একই গ্রামে নানিশাশুড়ি আমেনা বেগমের জমিতে বাস করে আসছিলেন। সম্প্রতি স্থানীয় মনিরুল ইসলাম দাবি করেন, দেড় বছর আগে ওই জমি তিনি কারিমার মা আছিয়া খাতুনের কাছ থেকে কিনেছেন। ওই জমি থেকে কারিমার পরিবারকে উচ্ছেদ করার জন্য কয়েকবার চেষ্টা চালান মনিরুল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠক হয়।তবে আছিয়া খাতুন বলেন, ‘ওই জমি আমার মায়ের নামে। আমি কীভাবে মনিরুলের কাছে বিক্রি করব?’ সালিসকারী স্থানীয় কলেজের শিক্ষক আবু তালেব জানান, সালিসে মনিরুলকে আইনের আশ্রয় নিতে বলা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সালিস বৈঠকের সিদ্ধান্ত না মেনে গত রোববার বিকেলে মনিরুল, তাঁর স্ত্রী হাফিজা খাতুন, নওপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আফছার আলীসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি কারিমার বসতঘরে ঢুকে লুটপাট শুরু করেন। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধর করে বাড়ির সামনে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে আবারও মারধর করা হয়। হামলাকারীরা কারিমার বাড়ি ভাঙচুর করে সেখানে একটি টিনের চালা তুলে ওই জমি দখলে নেয়। খবর পেয়ে গ্রাম পুলিশ রওশান আলী এসে কারিমাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।যোগাযোগ করা হলে মনিরুল দাবি করেন, কারিমার মা আছিয়া খাতুনের কাছ থেকে ওই জমি কিনে নিয়েছেন। জমি ছেড়ে দেওয়ার জন্য তিনি বারবার বললেও কাজ হয়নি। নিরুপায় হয়ে তিনি জমি দখলে নিয়েছেন। কারিমাকে মারধরের কথা অস্বীকার করেন তিনি।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নির্যাতন ও হামলার কথা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রোববার রাতেই কারিমার স্বামী মুকুল মামলা করেছেন। ইউপি সদস্য আফছার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।