নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ইমারুল শেখ (৩০) হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের ৪৬টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় এসব পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।গত সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল, ভাইস চেয়ারম্যান শাহানারা শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহির আহমেদ ফকির ভাঙচুর ও লুটপাট হওয়া বাড়িগুলো পরিদর্শন করেছেন। ইউএনও জানান, ভাঙচুর ও লুটপাটের শিকার ৪৬টি পরিবারের তালিকা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তরে পাঠনো হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।গ্রামবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৩ সেপ্টেম্বর রাতে দীঘলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে গ্রামের ইমারুল শেখ খুন হন। এ ঘটনায় নিহত ইমারুলের ফুফাতো ভাই নূর মোহাম্মদ ৩৫ জনকে আসামি করে গত রোববার লোহাগড়া থানায় মামলা করেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের ৪৬টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বাদীপক্ষের লোকজন ও পার্শ্ববর্তী গ্রামের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।ভাঙচুর ও লুটপাটের শিকার আবদুল হাই শেখের স্ত্রী নার্গিস রেহেনা জানান, তাঁর তিনটি ঘর ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে বক্সখাট, ডাইনিং টেবিল, আলনা, সোফা সেট, ড্রেসিং টেবিল, স্বর্ণালংকারসহ সবকিছু। কাওছার শেখের স্ত্রী আছিয়া বেগম জানান, তাঁদের ঘরের সবকিছু লুট হয়ে গেছে। তাঁর কান থেকে গয়না খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।তাণ্ডবের শিকার পরিবারের সদস্যরা জানান, তাঁদের এখন পথে বসার মতো অবস্থা। বাড়িতে বসবাস করার মতো অবস্থা নেই, নিরাপত্তাও নেই। তাই তাঁরা গ্রাম ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আজাদ হোসেন জানান, বিদ্যালয়ে উপস্থিতি ৬০ ভাগ কমে গেছে। গ্রামে কর্তব্যরত পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রথম দিন লুটপাট ঠেকাতে গেলে পুলিশকে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করা হয়। এখন এক পাশে লুটপাট ঠেকাতে গেলে অন্য পাশ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, স্থানীয় সাংসদ এস কে আবু বাকের ও উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান চেষ্টা করেও ওই গ্রামে দুই পক্ষের দ্বন্দ্ব মেটাতে পারেননি। তিনি বলেন, জনবল কম থাকায় তাঁদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। লুটপাট নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে লুটপাটের অভিযোগ নিয়ে কেউ থানায় আসেননি।উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান বলেন, পুলিশের কারণেই এ গ্রামের দ্বন্দ্ব মেটানো যায়নি। এই হত্যা ও লুটপাটের জন্য পুলিশও দায়ী।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে এ গ্রামে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে। বর্তমানে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পান্নু শেখ ও জালাল মাস্টার। অন্য পক্ষের নেতৃত্বে আছেন ইয়াছিন মোল্লা ও আফজাল শেখ। নিহত ইমারুল প্রথম পক্ষের লোক। ১৯৯৭ সালে ইয়াছিন মোল্লা পক্ষের আফজাল শেখ (৪৫) খুন হন। এ বছর দুই পক্ষের মধ্যে পাঁচবার সংঘর্ষের ঘটনা ঘটে।