ঘরবাড়ি সব পুড়ল, তবু আনন্দের ঝিলিক
মধ্যরাতে পুড়ে যাচ্ছে বসতঘর-বাড়ি। সেদিকে গৃহকর্তার ভ্রূক্ষেপ নেই। কারণ গৃহকর্তার কন্যার কোলজুড়ে আসছে নতুন অতিথি। প্রসূতিকে নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে সব পুড়ে ছাই। সব হারানোর পরও নবজাতকের মুখ দেখে সবার মুখে ফুটেছে হাসির ঝিলিক।
নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কালারডাঙ্গা গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে কালারডাঙ্গা গ্রামে ২৩টি পরিবারের প্রায় ৬০টি টিন ও খড়ের ঘর পুড়ে গেছে। এর মধ্যে সেখানকার বাসিন্দা শফিকুল ইসলামের তিনটি ঘর পুড়ে গেছে।
শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিন দিন আগে নীলফামারী শহরের জামাইয়ের বাড়ি থেকে তাঁর মেয়ে রশিদা বেগম (২৫) আসেন। রাত দুইটার দিকে প্রসব বেদনায় রাশিদা চিত্কার শুরু করলে তিনি ঘর থেকে বেরিয়ে আগুন জ্বলতে দেখেন। অন্যরা যখন আগুন নেভানোর কাজে ব্যস্ত, তখন তিনি মেয়েকে সরিয়ে নিয়ে কাছেই তাঁর বড় মেয়ের বাড়িতে রেখে আসেন। তিনি বলেন, ‘আমাদের ঘরে যা ছিল, সব পুড়ে গেছে। কিন্তু রাত দুইটা ২৬ মিনিটে আমার মেয়ে একটি কন্যা সন্তান প্রসব করে। তখনো জ্বলছিল আমাদের ঘরবাড়ি। মা-মেয়ে দুজনেই এখন সুস্থ। মেয়েকে বাঁচাতে পেরেছি, সঙ্গে নাতনি পেয়েছি, এটাই এখন আমার সান্ত্বনা।’
রশিদার মা ফুর্তি বেগম বললেন, ‘আমাদের তিনটা ঘর ছিল। সব জ্বলে ছাই হয়ে গেছে। ওই সময় রশিদার বাবা তাকে নিয়ে পাশে বড় মেয়ের বাড়িতে যায়। আর আমি ধাইয়ের কাছে যাই। সেজন্য কোনো কিছুই রক্ষা করতে পারি নাই। মেয়েকে রক্ষা করতে পেরেছি, এখন এটাই বড় সান্ত্বনা।’