ভরা বর্ষার মধ্যেও পদ্মা নদীর মাওয়া-কাওরাকান্দি নৌপথের দেড় কিলোমিটার এলাকায় ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে।এদিকে ঈদকে সামনে রেখে এ পথে নৌযানসহ সব যানবাহনে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।কাওরাকান্দি স্পিডবোট ঘাট মালিক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গত শনিবার থেকে এ ঘাটে দক্ষিণাঞ্চলের ঘরমুখী যাত্রীর ঢল নামে। মাওয়া ঘাটের স্পিডবোটের চালকেরা যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছেন। কাওরাকান্দি ঘাটের চালকদের শনিবার দুপুরে মাওয়া ঘাট থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। ওই দিন বেলা দুইটার পর থেকে কাওরাকান্দি ঘাটের শতাধিক স্পিডবোট মাওয়া ঘাটে যেতে এবং যাত্রী ওঠাতে দেওয়া হয়নি। এ কারণে কাওরাকান্দি ঘাটের স্পিডবোটের চালকেরা ধর্মঘট করেন।কাওরাকান্দি স্পিডবোট ঘাট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জানান, গতকাল রোববার সকাল ১০টার দিকে উভয় ঘাটের স্পিডবোটের মালিকেরা বৈঠক করেছেন। বৈঠকে কাওরাকান্দি ঘাটের স্পিডবোটের জন্য মাওয়া পাড়ে পৃথক একটি ঘাট দেওয়ার মধ্য দিয়ে সমঝোতা হয়েছে এবং দুই পাড়ের ফেরি চলাচল শুরু হয়েছে।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এ পথে ৮১টি ছোট-বড় লঞ্চ, তিন শতাধিক স্পিডবোট ও শতাধিক ট্রলার চলাচল করে। এসব নৌযানে জীবনরক্ষাকারী বয়া বা সরঞ্জাম নেই। লঞ্চ, ফেরিসহ সব নৌযানেই ভাড়া বাড়ানো হয়েছে পাঁচ থেকে ৩০ টাকা পর্যন্ত। স্পিডবোটগুলোতে ১২০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। অতিরিক্ত ভাড়া দিয়ে কোনোমতে পদ্মা পার হলেও যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে। বরিশাল, টেকেরহাট, ভাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, পিরোজপুর, গোপালগঞ্জসহ সব সড়কপথের বাসগুলো তাদের কাছ থেকে দেড় থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে। লঞ্চ ও বাসসহ সব যানবাহনেই অতিরিক্ত যাত্রীও বোঝাই করা হচ্ছে।বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, ১৮ কিলোমিটার দীর্ঘ নৌপথের হাজরা ও মাগুরখণ্ড পয়েন্টের দেড় কিলোমিটার অংশে গত কয়েক দিনে নাব্যতা-সংকট চরম আকার ধারণ করেছে। গত বৃহস্পতিবার রাত একটায় ফ্ল্যাট ফেরি যমুনা ও রাণীক্ষেত মাগুরখণ্ড পয়েন্টে আটকে যাওয়ায় শুক্রবার সকাল পর্যন্ত ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।রো রো ফেরি ভাষাশহীদ বরকতের মাস্টার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, হাজরা ও মাগুরখণ্ড এলাকায় পলি জমে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।