ঘরমুখী মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে গত দুই দিন ধরে আসা মানুষের ঢল নেমেছে রাজবাড়ীর দৌলতদিয়ায়। গতকাল শনিবারও মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এ সময় অনেক যাত্রীকেই নির্দিষ্ট বাস না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটে অপেক্ষা করে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া থেকে লঞ্চবোঝাই হয়ে মানুষজন আসছে। লঞ্চে জায়গা না পেয়ে ফেরিতে, আবার অনেকেই ইঞ্জিনচালিত ট্রলারে করে নদী পাড়ি দিতে দেখা যায়। লোকজনের ভিড় সামাল দিতে উভয় ঘাটেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঢাকার শ্যামলীর বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আবদুস সালাম স্ত্রী, শ্যালিকা ও দুই শিশুকে নিয়ে লঞ্চে নদী পাড়ি দেওয়ার পর তাঁদের নির্দিষ্ট বাস না পেয়ে লঞ্চঘাটের কাছে একটি হোটেলের সামনে বসে আছেন। বাচ্চা দুটির কান্না দেখে সামনে এগিয়ে গিয়ে জানা গেল, তাঁরা শরীয়তপুরে যাচ্ছেন। সকালে রওনা হয়ে দৌলতদিয়া পর্যন্ত পৌঁছেছেন। এখানে প্রায় দুই ঘণ্টা বসে আছেন। কিন্তু বাসের দেখা নেই। এ রকম অনেক পরিবারকে নির্দিষ্ট গাড়ি না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে ধুলা-বালির মধ্যে বসে থাকতে দেখা গেছে। বিআইডব্লিউটিসির (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, বর্তমানে নয়টি রোরো ও একটি কে-টাইপ ফেরি চলছে।