ঘরমুখী মানুষের সঙ্গী যানজট
গাবতলী থেকে বাসে উঠেছেন বা কমলাপুর থেকে ট্রেনে? সদরঘাট থেকে লঞ্চে গেছেন অথবা বিমানবন্দর থেকে উড়োজাহাজে? যে যেখানেই যাচ্ছেন, যানজট কারও পিছু ছাড়ছে না। তবুও স্বজনদের সঙ্গে ঈদ করতে যাওয়া মানুষ সব মেনে নিচ্ছে হাসিমুখে। তারা ঘর থেকে হাতে খানিকটা সময় হাতে নিয়েই বের হচ্ছে।
গতকাল রাজধানীর কমলাপুর, সদরঘাট, গাবতলী, সায়েদাবাদ, উত্তরাসহ ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে এমনই দৃশ্য দেখা গেছে।
গতকাল সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেল, সিএনজি, ব্যক্তিগত গাড়ি, হেঁটে হাজার হাজার মানুষ স্টেশনে আসছে। পার্কিংয়ে অসংখ্য গাড়ি। সিএনজি অটোরিকশার স্ট্যান্ডে ভিড়। অনেকে আবার রিকশায় করে আসছে। কমলাপুরমুখী মানুষের এই ভিড়ের কারণে যানজট ছড়িয়েছে ফকিরাপুল পর্যন্ত।
কমলাপুর স্টেশনে কথা হয় বেসরকারি একটি পোশাক কারখানার সহকারী মহাব্যবস্থাপক শিহাব রায়হানের সঙ্গে। হাসতে হাসতে তিনি প্রথম আলোকে বলেন, ‘বেলা তিনটায় ট্রেন। যানজটের ভয়ে মোহাম্মদপুর থেকে বের হয়েছি ১১টায়। দুপুরে স্টেশনে এসেছি। বাড়ি যাব, তারপরও যানজট আমাদের পিছু ছাড়ছে না।’
একই অবস্থা ছিল সদরঘাটেও। সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখী যাত্রীদের ভিড়। ফলে রায়সাহেব বাজার মোড় থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত জনসন সড়কে ছিল যানজট। অনেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় বাস থেকে নেমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে হেঁটে সদরঘাট টার্মিনালে গেছে। আর রিকশার জটলা লেগে রয়েছে বাংলাবাজার চৌরাস্তা মোড় সড়কে।
এই মোড়ে জনসন, ইসলামপুর, বাংলাবাজার ও সদরঘাট সড়কের সংযোগস্থল। এই মোড়ের ফুটপাতে হরেক রকমের দোকান থাকায় হেঁটে যেতেও সমস্যায় পড়ছে পথচারীরা। অথচ সদরঘাট টার্মিনালে যাওয়ার জন্য এটিই প্রধান সড়ক।
হাতে দুটি ব্যাগ নিয়ে বাংলাবাজার মোড় দিয়ে হেঁটে সদরঘাট টার্মিনালে যাচ্ছেন ভোলার রাইসুল মিয়া। তিনি বলেন, গুলিস্তান থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় আসতে প্রায় ৪০ মিনিট সময় লাগছে। তার মধ্যে রায়সাহেব বাজার মোড় থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় আসতে লাগছে প্রায় ২০ মিনিট। আর পার্ক এলাকা থেকে টার্মিনাল পর্যন্ত যানজট থাকায় হেঁটে যেতে হয়েছে।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপক বিভাগের (ঢাকা নদীবন্দর) যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, সদরঘাট টার্মিনাল এলাকায় যানজট কমাতে সড়কগুলোতে যান চলাচল একমুখী করা হয়েছে।
গতকাল সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি খানিকটা ভোগান্তির কারণ হলেও ঘরে ফেরা মানুষের সবচেয়ে বড় ভোগান্তির কারণ যানজট। গতকাল সকালে যাঁরা ঢাকা ছেড়েছেন, তাঁদের অনেকেই জানিয়েছেন, যানজটের কারণে ঢাকা থেকে বের হতেই দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যাচ্ছে। আবার কাউন্টারগুলোতে বাস আসতেও দেরি হচ্ছে।
বগুড়া গন্তব্যের যাত্রী আবুল কালাম জানান, বাস যথাসময়ে কাউন্টার থেকে ছেড়ে গেলেও যানজটের কারণে গাবতলী পার হতে তাঁর দুই ঘণ্টা লেগে যায়। এসআর পরিবহনের উপমহাব্যবস্থাপক প্লাবনও বিষয়টি স্বীকার করে বলেন, যানজটের কারণে ঢাকা থেকে বের হতে বেশি সময় লাগছে।