ঘরমুখী যাত্রী বাড়ছে সদরঘাটে
সময় যত গড়াচ্ছে, সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের ভিড় তত বাড়ছে। অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই করে বেশির ভাগ লঞ্চ গন্তব্যস্থলে রওনা হচ্ছে।
সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ বুধবার সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশে ৩৯টি নৌপথের যাত্রীরা তাদের জন্য নির্ধারিত লঞ্চে উঠে অবস্থান নিয়েছে। বেলা তিনটা পর্যন্ত ৩৭টি লঞ্চ ঢাকা ছেড়ে গেছে। এর মধ্যে বরিশালগামী বিশেষ লঞ্চ এমভি আওলাদ-৪ ও সম্রাট-২ রয়েছে।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) স্টিমার পিএস মাসুদ আজ সন্ধ্যা ছয়টায় বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়বে। আজ সন্ধ্যায় পিএস লেপজার যাত্রা বাতিল করা হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ঢাকায় আসার পথে চাঁদপুরে বিকল হয় পড়ে স্টিমার লেপজা।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, ওই লঞ্চের যাত্রীদের বিশেষ ব্যবস্থায় যাত্রার ব্যবস্থা করা হয়েছে।
নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক জানান, যাত্রী অনুযায়ী বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হবে।