ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ছাদেও তিল ধারণের ঠাঁই নেই। স্বজনদের সঙ্গে ঈদ করতে এভাবে ঝুঁকি নিয়েই শহর ছাড়ছে মানুষ। গতকাল বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন থেকে তোলা ছবি l সৌরভ দাশ
চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ছাদেও তিল ধারণের ঠাঁই নেই। স্বজনদের সঙ্গে ঈদ করতে এভাবে ঝুঁকি নিয়েই শহর ছাড়ছে মানুষ। গতকাল বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন থেকে তোলা ছবি l সৌরভ দাশ

পোশাক কারখানার শ্রমিক রহিম উল্লাহ গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টারের সামনে টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। প্রায় আধা ঘণ্টা পর মহানগর গোধূলীতে দাঁড়িয়ে যাওয়ার তিনটি টিকিট পান তিনি। বিকেল তিনটায় সেই ট্রেনে চড়ে স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হন তিনি।

গতকাল যাত্রার আগ মুহূর্তে প্লাটফরমে উচ্ছ্বসিত রহিম উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘প্রতি ঈদেই ফেনী পর্যন্ত দাঁড়িয়ে যাই। ফেনীতে অনেক যাত্রী নেমে গেলে খালি সিটে বসার সুযোগ পাই। এই যাওয়ার মধ্যেও অন্যরকম আনন্দ আছে।,

গতকাল ঢাকাগামী মহানগর গোধূলীর আসনের দ্বিগুণের বেশি টিকিট বিক্রি হয়েছে। ৮২৪ আসনসংখ্যার বাইরে দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হয়েছে ৯৫৬টি। এসব টিকিটের প্রধান ক্রেতা রহিম উল্লাহদের মতো নিম্ন আয়ের লোকজন।

গতকাল সরেজমিনে চট্টগ্রাম স্টেশন ঘুরে দেখা গেছে, শুধু মহানগর গোধূলী নয়, ঈদ উপলক্ষে প্রতিটি আন্তনগর ট্রেনেই ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ ঘরমুখো যাত্রীর ভিড়। সবচেয়ে বেশি যাত্রী ছিল ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে। চাঁদপুরগামী যাত্রী বেশি থাকায় গতকাল সকাল সাড়ে ১০টায় একটি এবং বিকেল ৩টা ২০ মিনিটে আরেকটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিজয় এক্সপ্রেসে ৮১০ আসনের বিপরীতে ২ হাজার ৩৭, মেঘনায় ৯৯৭ আসনের বিপরীতে ২ হাজার ২৬৭, চাঁদপুরগামী বিশেষ-১ ট্রেনে ৪৫৪ আসনের বিপরীতে ১ হাজার ১ এবং বিশেষ-২ ট্রেনে ৪৩৬ আসনের বিপরীতে ১ হাজার ২০৬, ঢাকাগামী চট্টলায় ৫০৫ আসনের বিপরীতে ১ হাজার ৮৬, সিলেটগামী পাহাড়িকায় ৭৪৪ আসনের বিপরীতে ১ হাজার ৩১২, মহানগর এক্সপ্রেসে ৮১১ আসনের বিপরীতে ১ হাজার ৩৭২ যাত্রী চট্টগ্রাম থেকে যাত্রা করেছে। এ ছাড়া ঢাকাগামী দেশের বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসে ১ হাজার ৬৯ এবং সোনার বাংলায় ৭৫৪ যাত্রী চট্টগ্রাম ছেড়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপপ্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. মিজানুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার অফিস-আদালত বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীর চাপ বেড়েছে। দুটি আন্তনগর ছাড়া অন্যগুলো ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে যাত্রা করেছে।

চট্টগ্রাম স্টেশনের মাস্টার নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, দুটি বিরতিহীন আন্তনগর ট্রেন ছাড়া বাকি সব ট্রেন ৫-৭ মিনিট দেরিতে যাত্রা করেছে। দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের সুবিধার্থে এই দেরি হয়।

এ দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যের বাসগুলোতে যাত্রীর চাপ তুলনামূলক কম ছিল। প্রায় সব বাসই নির্ধারিত সময়ে ছেড়েছে। তবে স্বল্প দূরত্বের পটিয়া, আনোয়ারা, বাঁশখালী ও সাতকানিয়ার যাত্রীদের বাস সংকটে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। অনেক যাত্রীকে পিকআপ ও জিপে চড়ে বাড়ি ফিরতে দেখা যায়।