ঘরমুখো মানুষের যাতায়াতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঈদ-পূর্ববর্তী এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ঈদে ১ কোটি ২৯ লাখ মানুষ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ ছেড়ে যাবে। এর মধ্যে সড়কপথে ৫৫ শতাংশ, নৌপথে ২৫ শতাংশ এবং রেলপথে ২০ শতাংশ মানুষ এই তিন জেলা ছাড়বে এবং ঈদ-পরবর্তী দ্রুততম সময়ে তারা আবার ফিরে আসবে। স্বজনদের সান্নিধ্য প্রত্যাশী এসব মানুষ ঈদের দিনসহ ঈদ-পূর্ববর্তী সাত ও ঈদ-পরবর্তী ১০ দিন মিলিয়ে ১৮ দিন যাতায়াত করবে। কিন্তু ¯স্বল্প সময়ের জন্য এই বিপুলসংখ্যক মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ঈদের আগে বাস ও লঞ্চের অগ্রিম টিকিট পাওয়ার ক্ষেত্রে গণবিড়ম্বনা, অনেক লঞ্চ-বাসে অতিরিক্ত ভাড়া আদায় এবং টিকিট কালোবাজারি ঠেকাতে পারেনি প্রশাসন। তবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে রেলওয়ের বিরুদ্ধে কোনো অনিয়ম এবং নামী-দামি বিলাসবহুল বাস সার্ভিসগুলোর বিরুদ্ধে বাড়তি দামে টিকিট বিক্রির তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাতে বিভিন্ন নৌপথে বালু-সিমেন্টবাহী নৌযান, ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলারসহ অনিবন্ধিত ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ করতে পারেনি সরকার। অথচ রাতে এ ধরনের নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সরকার কর্তৃক নিষিদ্ধ। একইভাবে পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে চলাচলরত ৮৭টি লঞ্চের অধিকাংশই অনেক পুরোনো এবং অবকাঠামোগত ও যান্ত্রিকভাবে ত্রুটিপূর্ণ জেনেও নৌ পরিবহন অধিদপ্তর এসব লঞ্চের ফিটনেস সনদ দিয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন ডকইয়ার্ডে সামান্য মেরামত ও চটকদারি রং লাগিয়ে অনেক লক্কড়ঝক্কড় লঞ্চ ঈদযাত্রী বহনের প্রস্তুতি নিয়েছে, যা নৌ নিরাপত্তার জন্য হুমকি। বিজ্ঞপ্তি