ঘরহারা বিদ্যালয়ের পড়ালেখা
যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে বিদ্যালয়ের পাকা ভবন। বেঞ্চগুলো কোনোমতে উদ্ধার করা হয়েছিল। সেগুলোতে বসে খোলা আকাশের নিচে পড়ালেখা করছে নিরুপায় শিক্ষার্থীরা। পরীক্ষাও দিচ্ছে।বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও নিজস্ব পাকা ভবন ছিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা-মীরকুটির প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ের, যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। বালিয়ামেন্দা ও মীরকুটির প্রকাশ দুই গ্রামের এই একটিই প্রাথমিক বিদ্যালয়। এখন শিক্ষার্থী ২৫৫ জন। যমুনার পশ্চিম তীরঘেঁষা বিদ্যালয় ভবনটি ভাঙনের কবলে পড়ে ১৪ সেপ্টেম্বর। এর পর থেকে পড়ালেখা বন্ধই ছিল।তবে যে বেঞ্চ, চেয়ার-টেবিল ও আসবাবগুলো কোনোমতে রক্ষা করা হয়েছিল, সহকারী শিক্ষক ফজলুল হকের বাড়ির আঙিনায় সেসব দিয়েই আবার শুরু হয়েছে পড়ালেখা। জানা গেছে, ১৯ সেপ্টেম্বর বিদ্যালয়টি খুলেছে। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই হাজির হচ্ছে কোমলমতি বিদ্যার্থীরা। এর মধ্যে এসে গেছে সাময়িক পরীক্ষার সময়। ২৩ সেপ্টেম্বর শুরু হয়েছে পরীক্ষা।এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টি যমুনার পশ্চিম পারে হওয়ায় খোঁজখবর নিতে পারিনি।’ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদুল হামিদ জানান, শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ের পাকা ভবন নদীতে বিলীন হওয়ার কথা জানানো হলেও প্রশাসনের কেউ বিদ্যালয়ের খোঁজখবর নিতে আসেনি।বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজ আলী বলেন, ‘বিদ্যালয়ের জন্য আগেও জমি দিয়েছিলাম, সরকার ভবন নির্মাণে সহযোগিতা করলে আবার জমি দেব।’প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, বিদ্যালয়ের পাকা ভবন নদীতে বিলীন হয়ে গেলেও কিছু বেঞ্চ ও আসবাব উদ্ধার করা হয়েছিল। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা নেওয়া হচ্ছে। খোলা আকাশের নিচে পড়ালেখার কারণে ছাত্রছাত্রীদের মনঃসংযোগ ব্যাহত হয়। অনেক সময় তারা বেঞ্চ ছেড়ে এদিক-ওদিক চলে যায়, বিশেষ করে বৃষ্টি এলে সবাই যার যার মতো দৌড়ে পালিয়ে যায়। এই অবস্থায় পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আলম, উমর ফারুক ও আফরোজা বেগম বলে, ‘কষ্ট হলেও রোদের মধ্যে বসে থাকা যায়, কিন্তু বৃষ্টি নামলে আমরা দৌড়ে বাড়িতে চলে যাই।’