ঘরহারা মানুষ রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নিজহাওলা গ্রামে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সাত দিনেও তাঁদের ঘর তুলতে পারেননি। বেশির ভাগ ক্ষতিগ্রস্ত পরিবার এখনো আত্মীয়স্বজন অথবা কোনো প্রতিবেশীর ঘরে বসবাস করছেন। কেউ কেউ ছাপরাঘর তুলে তাতে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দিন কাটাচ্ছেন। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, পুরো গ্রামটি এখনো বহন করছে ঘূর্ণিঝড়ের আঘাতের ক্ষত। মহাসেনের আঘাতে ওই গ্রামের ৮০টিরও বেশি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয় বলে এলাকাবাসী জানান। গ্রামের বাসিন্দা ফোরকান আকন (৪৫) এবং তাঁর স্ত্রী জয়নব বেগম (৩৫) ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া তাঁদের বসতঘরটির ভাঙাচোরা টিন এবং কাঠ দিয়ে মাথা গোঁজার একটু ঠাঁই করে নেওয়ার কাজ করছিলেন। জয়নব বলেন, ‘বইন্যায় ঘর ভাইঙা যাওয়ার পর থেইকা পাশের বাড়িতে থাকছি। মাইনসের ঘরে কয়দিন থাহন যায়? ভাঙা ঘরের কাঠ-খুঁটি যা আছে হেইগুলা দিয়া ছাপরা দেওনের চেষ্টা করতেছি।’ শহিদুল ইসলাম বলেন, ‘আমাগো ঘরটি ঝড়ে গাছচাপা পড়ে ভেঙে টুকরো টুকরো হইয়া গেছে। এখন থাকার জন্য নাড়া (খড়) দিয়েও ঘর তুলতে পারছি না। এলাকায় কোনো নাড়া পাওয়া যাইতেছে না।’ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসেনের আঘাতে উপজেলায় চার হাজার ৪২৪টি ঘর সম্পূর্ণ এবং পাঁচ হাজার ৩৩৭টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী পটুয়াখালীর জেলা প্রশাসকের বরাত দিয়ে বলেন, ‘ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে যেসব হতদরিদ্র মানুষ তাঁদের ঘর হারিয়েছেন, তাঁদের বসতঘর নির্মাণের জন্য সরকারিভাবে সহায়তা করা হবে।’