ঘরহারা ২৫০ পরিবার পড়ে আছে ফসলি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাস থেকে পাঠানো টাকায় আবদুল মান্নান বসবাসের জন্য তিন বছর আগে একটি পাকা ভবন করেছেন। নাম দিয়েছেন ‘ছায়ানীড়’। ভবনে কোনো উপকরণের কমতি ছিল না। কিন্তু এখন পরিবারের সদস্যরা থাকেন মেঝেতে। শীত নিবারণে নেই পর্যাপ্ত গরম কাপড়ও।
আবদুল মান্নান বলেন, ‘রাজা থেকে ফকির হয়ে গেলাম। টাকা, আসবাব, স্বর্ণালংকার—সবই লুট হয়ে গেছে।’
আবদুল মান্নান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিবের ক্ষোভের শিকার বলে অভিযোগ করেছেন। তিনি হুমায়ুনের প্রতিপক্ষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিনের অনুসারী।
গ্রামবাসী জানান, ভবানীপুর গ্রামটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। দুই নেতার বাড়ি ওই গ্রামেই। তাঁদের বিরোধের আগুনে ঘি পড়ে ২০১৫ সালের নভেম্বরে নবীন লীগের কমিটি গঠন নিয়ে। তখন থেকে গত ৩১ জানুয়ারি পর্যন্ত পক্ষ দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে ১৮ বার। বর্তমানে গ্রামের কেউ আর নিরপেক্ষ নন, কোনো না কোনো নেতার অনুসারী। সংঘর্ষে নিহত হয়েছেন রায়হান ও সিদ্দিকুর নামে দুই পক্ষের দুজন। আহতের সংখ্যা পাঁচ শতাধিক। এর মধ্যে পুলিশের সদস্য আছেন ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। হামলা চালিয়ে ভেঙে ফেলা ঘরের সংখ্যা প্রায় ৩০০। উভয় পক্ষের আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত তিন কোটি টাকা। মামলা হয়েছে ২০টি। এর মধ্যে দুটি হত্যা ও দুটি পুলিশ লাঞ্ছিত ধারার। আসামি সহস্রাধিক। নিজ বলয়ে থাকা প্রতিপক্ষের মালিকানাধীন জমিতে প্রতিপক্ষের কাউকে চাষবাসের সুযোগ না দেওয়ায় এক বছর ধরে প্রায় ৩০০ বিঘা জমি অনাবাদি পড়ে আছে।
সহিংসতা থামাতে প্রশাসনিক, সামাজিক—কোনো উদ্যোগই কাজে আসেনি। ভৈরব পৌরসভার মেয়র ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল আলম একাধিকবার উদ্যোগ নিয়ে ব্যর্থ হন। গতকাল মঙ্গলবার পক্ষ দুটিকে নিয়ে সভা করেন ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম। জিল্লুর রহমান পৌর মিলনায়তনে সালিসে উভয় পক্ষ আর সংঘর্ষ না করার শপথ করে। সালিসে জয়নাল পক্ষের ক্ষয়ক্ষতির জন্য হুমায়ুন পক্ষকে ৩৩ লাখ টাকা ও হুমায়ুন পক্ষের ক্ষয়ক্ষতির জন্য জয়নাল পক্ষকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়। ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার ভবানীপুর গ্রামে গিয়ে সর্বত্র দুই নেতার ক্ষোভের আগুনে দগ্ধ হওয়ার ক্ষতচিহ্ন দেখা যায়। দুই পক্ষের খুব কম ঘর আছে, যেখানে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন নেই।
হুমায়ুন পক্ষের হেলাল উদ্দিন ও নুরুল হকের বাড়ি গিয়ে দেখা যায়, পাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লুট হয়ে গেছে সবকিছু। বৈদ্যুতিক তার, টিউবওয়েল ও শৌচাগারও হিংসা থেকে রক্ষা পায়নি। হেলাল উদ্দিন বলেন, ‘জয়নালের লোকজন আমার সেচযন্ত্র তুলে নিয়ে গেছে। এর মাধ্যমে আমাদের পক্ষের ১৩০ বিঘা জমি সেচের আওতায় থাকত। এখন পুরো জমি অনাবাদি পড়ে আছে।’
সংঘর্ষে ঘর, থালাবাসন, বস্ত্র ও রান্নার চুলা—সবই হারিয়েছেন বয়োবৃদ্ধ ফুল মিয়া। তিনি বলেন, দুই নেতার কারণে তাঁদের শরীরে চামড়া ছাড়া আর কিছুই নেই। অন্য গ্রামের মানুষ তাঁদের অবমূল্যায়ন করে। সামাজিক সম্পর্ক করতে চান না।
জয়নাল পক্ষের শরীয়ত মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙা ঘরটি কোনো রকমে টিকে আছে। ওই বাড়ির দুলাল মিয়ার স্ত্রী পিয়ারা বেগম (৩৪) বলেন, ‘খেতা (কাঁথা) নাই, বালিশ নাই, কামাই নাই, খাওন-পিন্ধন কিচ্ছু নাই।’
নিজেকে শান্তির পক্ষের দাবি করে হুমায়ুন কবির বলেন, সমস্যা হচ্ছে জয়নাল পক্ষে থানার তালিকাভুক্ত সাতজন ডাকাত রয়েছে। তারা অস্ত্রধারী। অস্ত্র উদ্ধার করা না গেলে মানুষের মন থেকে ভয় দূর হবে না, শান্তিও ফিরে আসবে না।
জয়নাল আবেদিন বলেন, সংঘর্ষ করতে না চাইলেও হুমায়ুনের কারণে ঘরে বসে থাকা যাচ্ছে না। হুমায়ুন পক্ষের কয়েকজন অস্ত্রধারী আছে বলে দাবি করেন তিনি।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, জয়নাল ও হুমায়ুনের কারণে একটি গ্রামের শান্তি উধাও হয়ে গেছে। গ্রামের প্রায় সবাই আসামি। পুলিশের পক্ষ থেকেও গ্রামে গিয়ে সভা করা হয়েছে। কিন্তু দুজনের কাউকে সংঘর্ষবিমুখ করা যাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ বলেন, ‘ভবানীপুরের সংঘর্ষের কারণ ও ধরন ভিন্ন। সবকিছু মাথায় রেখে আমরা স্থায়ী সমাধানের উপায় খুঁজছি।’