ঘরহীন মানুষের নেই ঈদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার মোহনগঞ্জ বাজারের পাশে ফাঁকা জায়গায় মাস দেড়েক আগে আশ্রয় নিয়েছে নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত আটটি পরিবার। তাদের ভাগ্যে ত্রাণ জোটেনি। পরিবারগুলোর বেশির ভাগ সদস্য কর্মহীন। অর্ধাহার-অনাহারে দিন কাটছে তাদের। এক দিন বাদেই ঈদ। তবে তাদের মধ্যে ঈদ নিয়ে কোনো আয়োজন নেই। নেই কোনো উচ্ছ্বাস।

এখানে আশ্রয় নেওয়া ফজলাল হোসেন বলেন, ‘মাস খানিক আগে যমুনার পানিতে সবকিছু হারায়ে এই জায়গায় আইস্যা উঠছি। পরিবারে নয়জন মানুষ। বাপ-বেটা মিল্যা বাড়ির তিনজন কামলার কাম করত্যাম। এক মাসের ওপরে কাম বন্ধ। বাকি কইর‌্যা চাল কিনিছিল্যাম। সেই চালও শেষ। যাগরে ঘরে চাল নাই, বাড়িঘর নাই তাগরে আবার ঈদের আনন্দ কী?’

কথা শুনে এগিয়ে আসেন ফজলালের স্ত্রী সালেহা খাতুন। আঁচলে চোখ মুছে বলেন, ‘দুই দিন ধইর‌্যা ছয় বছরের ছাওয়ালডা একটা জামার জন্যে কানতেছে। কিন্তু দেব কোন থ্যা? ঈদে ভরপেট খাওয়া জুটলিই আমরা খুশি।’

যমুনার ভাঙন আর বন্যায় ফজলালের পরিবারের মতো বেড়া উপজেলার তিন হাজারেরও বেশি পরিবারের ঈদের আনন্দ এবার মাটি হয়ে গেছে। বন্যার পানি কমে গেলেও অনেক পরিবারের দিন কাটছে অর্ধাহারে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাইয়ের মাঝামাঝি যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এর আগে উপজেলার চরপেঁচাকোলা, দক্ষিণ চরপেঁচাকোলা, চরনাকালিয়াসহ চার-পাঁচটি গ্রামে নদীভাঙন দেখা দেয়। এতে শতাধিক পরিবার সহায়-সম্বল হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। পরে বন্যায় তিন হাজারেরও বেশি পরিবার পানিবন্দী হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবারের অনেকেই দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে রয়েছে। ধসে গেছে কারও কারও বসতঘর।

যমুনার চরে অবস্থিত দক্ষিণ চরপেঁচাকোলা গ্রামে গিয়ে দেখা যায়, বেশির ভাগ বাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। কিন্তু অনেকেরই বসতঘর বিধ্বস্ত। ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করা তো দূরের কথা, অনেকেরই তিন বেলা খাবার জুটছে না। এ গ্রামের বাসিন্দা ও দক্ষিণ চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, গ্রামে ১২০টি পরিবারের বসবাস। সবগুলো বাড়িই পানিতে তলিয়ে গিয়েছিল। পানি নেমে যাওয়ার পর গ্রাম ছেড়ে যাওয়া লোকজন ফিরে এসেছে। এখানকার কেউ সরকারি ত্রাণ পায়নি। সবাই রয়েছে আগামী দিনগুলো কীভাবে কাটবে এই নিয়ে দুশ্চিন্তায়। কারও মনেই ঈদের আনন্দ নেই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম শামীম এহসান বলেন, প্রথম দফায় ৩ হাজার ২০০ পরিবারের জন্য ত্রাণ চাওয়া হয়েছিল। কিন্তু জেলা প্রশাসন থেকে পাওয়া গিয়েছিল ১ হাজার ৫০০ জনের জন্য ১৫ টন চাল। সেগুলো বিতরণ করা হয়েছে। এ ছাড়া পাবনা-১ আসনের সাংসদের উদ্যোগে তিন টন চাল বিশেষ বরাদ্দ হয়েছে। সেগুলো ঈদের পরে বিতরণ করা হবে।