ঘরে আগুন, ধোঁয়ায় কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িলে গতকাল রোববার দুপুরে ঘরে আগুন লেগে ধোঁয়ায় দম বন্ধ হয়ে নেয়ামত উল্লাহ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় নেয়ামতের বাবা শাহজাহান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

হাসপাতালে থাকা ওই কিশোরের মা বিউটি বেগম জানান, তাঁর স্বামী শাহজাহান মিয়া অসুস্থ। আর ছেলে নেয়ামত রাতে চায়ের দোকানে কাজ করে। তাই দিনের বেলায় ওই টিনশেড ঘরে বাবা-ছেলে দুজনই ঘুমিয়ে ছিল। মশা তাড়ানোর জন্য কয়েল দেওয়া হয়েছিল। তাঁরা ধারণা করছেন, মশার কয়েল থেকে কাঁথা-কম্বলে আগুন লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিকেল পাঁচটার দিকে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন। শাহজাহান মিয়ার অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আগুন লাগার পরে ধোঁয়ার কারণে নেয়ামতের মৃত্যু হয়। একই ধোঁয়ায় শ্বাস নিয়ে অসুস্থ হয়েছেন শাহজাহান মিয়া।