ঘরে আগুন লেগে বৃদ্ধের মৃত্যু, পরিবার বলছে নাশকতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজ বসতঘরে আগুন লেগে পুড়ে জামাল উল্লাহ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত তিনটায় উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে জামালের স্ত্রী জমিলা খাতুন (৬০) দগ্ধ হন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পূর্বশত্রুতার জের ধরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। জামাল উল্লাহ একজন সাবেক সেনাসদস্য। তাঁর মেয়ে শিরিনা আক্তার বলেন, তিনি ঘরের সামনের দিকে আগুন জ্বলতে দেখে পেছনের দরজা দিয়ে বের হয়ে চিৎকার দিতে থাকেন। চিৎকার শুনে তাঁর মা জমিলা খাতুন বের হতে পারলেও বাবা জামাল পারেননি। তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ গতকাল জামালের পুড়ে যাওয়া শরীরের অংশবিশেষ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, দুটি ঘর ও ঘরে থাকা নগদ টাকা, প্রায় সাত ভরি স্বর্ণালংকার, মূল্যবান দলিলপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেন। শিরিনা আক্তার অভিযোগ করেন, ছয় মাস আগে তিনি জমি কিনে মোটবাড়িয়া এলাকায় নতুন বাড়ি করেন। ওই বাড়িতে তাঁর মা-বাবা ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। বাড়ির সীমানা নিয়ে পার্শ্ববর্তী নুরজাহান বেগমের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছে। সীমানা বিরোধকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে নুরজাহান ও তাঁর মেয়ে নাছরিন সুলতানা থানা এবং আদালতে একাধিক মামলা করেন। রাজনৈতিক ও আর্থিক প্রভাব দেখিয়ে বাদীপক্ষ বিভিন্ন সময় তাঁদের বাড়ি থেকে উচ্ছেদ ও দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। গতকাল মিরসরাই থানার পুলিশ, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ও মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমঞ্চদের উপস্থিতিতে বিরোধ মীমাংসার জন্য একটি বৈঠক হওয়ার কথা ছিল। সীমানা নিয়ে বিরোধ মীমাংসার জন্য এর আগেও একাধিকবার বৈঠক হয়েছিল। কিন্তু নুরজাহান বেগম ও তাঁর পরিবার সেসব বৈঠকের কোনো সিদ্ধান্ত মানতে রাজি হননি। তাঁদের বাড়ি থেকে উচ্ছেদ করতে এবং জায়গাজমির দলিল, মামলার কাগজপত্র নষ্ট করতে তাঁদের বসতঘরে প্রতিপক্ষ আগুন ধরিয়ে দেয় বলে শিরিনা আক্তার অভিযোগ করেন। এ ব্যাপারে শিরিনা আক্তার বাদী হয়ে নুরজাহান বেগমসহ তাঁর চার ছেলেমেয়েকে আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন। অভিযুক্ত নুরজাহান বেগম ও তাঁর মেয়ে নাছরিন সুলতানা সীমানা নিয়ে শিরিনা আক্তারের সঙ্গে বিরোধের কথা স্বীকার করেন। তবে বসতঘরে অগ্নিকাণ্ড ও জামাল উল্লাহ পুড়ে মরার ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই বলে তাঁরা দাবি করেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, তদন্তের মাধ্যমে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।