ঘরে খাবার নেই, দুই সন্তান নিয়ে বিপদে সেলিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী ও ছেলে জেলহাজতে থাকায় ছোট্ট দুই কন্যাসন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন সেলিনা বিবি। পরিবারের আয়-উপার্জন বন্ধ। এখন দুই সন্তানের খাবার জোগাড় করতেই হিমশিম অবস্থা হতদরিদ্র সেলিনার। তারপর স্বামী ও ছেলেকে নিয়ে দুশ্চিন্তা তো আছেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি মুঠোফোনে বাজানোর অভিযোগে গ্রেপ্তার বাদামবিক্রেতা শুকুর আলীর (৩৫) স্ত্রী সেলিনা। গত ১৭ অক্টোবর শুকুর আলী ও তাঁর ছেলে সিজান হোসেনকে (১৩) গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের গ্রামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার শীতলাইয়ে।
গত শনিবার শীতলাই গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী ও ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর থেকে দুই মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সেলিনা। তবে গ্রামের কেউ কেউ তাঁদের সাহায্য করছেন।
শুকুর আলী হাট-বাজার ও স্কুল-কলেজে বাদাম-ছোলা বিক্রি করে সংসার চালাতেন। ছেলের লেখাপড়ার খরচও জোগাতেন সামান্য এই আয় দিয়ে। ঝুপড়ি দুটি টিনের ঘর ছাড়া শুকুর আলীর আর কোনো সম্পদ নেই। তাঁর ছেলে সিজান শীতলাই দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। আর দুই মেয়ের মধ্যে বড় মেয়ে শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ে, ছোট মেয়ের বয়স তিন বছর।
শুকুর আলীর স্ত্রী সেলিনা (২৬) বলেন, তাঁর স্বামী টাকার অভাবে অন্যের কাছ থেকে একটি পুরোনো মুঠোফোন কিনেছেন। সেই মুঠোফোনে আগে থেকে কী রেকর্ড করা ছিল, তা তাঁরা জানতেন না। মুঠোফোনটি তাঁদের ছেলেই বেশি নাড়াচাড়া করত। বন্ধুদের সঙ্গে গানবাজনা ও ওয়াজ শুনত। পুলিশ যেদিন বাড়িতে আসে সেই দিনই তাঁরা শুনেছেন, মুঠোফোনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা আছে। তিনি বলেন, ‘হামাকেরে পেটের চিন্তা করতেই যায়। রাজনীতি বুঝি না, কারও বিরুদ্ধে হামরা কোনো কথাও কই না।’
শুকুর আলীর একার আয় দিয়ে সংসার চলত না। তাই ঘরের বারান্দার সঙ্গে ছোট্ট একটি দোকান দেন তাঁর স্ত্রী সেলিনা। সেখানে তেল, লবণ, বিস্কুট, চানাচুর, চকলেট ইত্যাদি বিক্রি করা হতো। কিন্তু গত শুক্রবার রাতে সেই দোকানেও চুরি হয়েছে।
কাহালুর মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘পরিবারটি হতদরিদ্র। কোথায় থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না। ওদের ব্যাপারে ওসি সাহেবকে বলেছি।’
যোগাযোগ করলে বগুড়া জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করা বা রেকর্ড বাজানো দণ্ডনীয় অপরাধ। পুলিশ অভিযোগ পেয়ে মুঠোফোন জব্দ করে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে বলেই তাঁদের গ্রেপ্তার করেছে। পুলিশ বিষয়টি এড়ানোর চেষ্টা করলে ওই গ্রামে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারত। তদন্ত করে ওই ঘটনার সঙ্গে বাবা ও ছেলের সম্পৃক্ততা না থাকলে আদালত তাঁদের খালাস দেবে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, শুকুর আলীর ছেলে সিজান বিভিন্ন সময়ে গ্রামে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি বাজিয়েছে। গোপনে খবর পেয়ে তাঁদের মুঠোফোন জব্দ করে তাতে কটূক্তিমূলক রেকর্ড পাওয়া গেছে। পরে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, মুঠোফোনটি কোথা থেকে কেনা হয়েছে, তা এখনো জানা যায়নি। তাই শুকুর আলী ও তাঁর ছেলেকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আজ সোমবার এ ব্যাপারে শুনানি হবে।