ঘরে ঘরে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলবে গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইনমন্ত্রীর ঘোষণা, শাহবাগ মানবে না’, ‘আইনমন্ত্রীর ঘোষণা, জনগণ মানবে না’, ‘নাৎসি যদি নিষিদ্ধ হয়, জামাত-শিবির কেন নয়’ এ ধরনের স্লোগানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার গণজাগরণ মঞ্চের সমাবেশ শুরু হয়।
‘ট্রাইবু্৵নাল আইনে আপাতত জামায়াতের বিরুদ্ধে মামলা ও বিচার সম্ভব নয়’, আইনমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহার ও অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধের কার্যক্রম শুরুসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে শাহবাগ চত্বরে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বলা হয়, মানুষের ঘরে ঘরে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে সচেতনতা গড়ে তোলার কাজে হাত দিয়েছে গণজাগরণ মঞ্চ।
সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যাপারে ক্ষমতাসীনরা আন্তরিক নন। এগুলোকে তাঁরা রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করেন। দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য জামায়াতের মতো সংগঠন বিলুপ্ত করতে হবে, যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। ইমরান এইচ সরকার বলেন, সরকারি দল বা বিরোধী দল কেউই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকতে পারবে না।
দেড় ঘণ্টার এই সমাবেশে বিভিন্ন ছাত্র, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন৷
ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মোশতাক হোসেন বলেন, গণজাগরণ মঞ্চ থেকে সমর্থন প্রত্যাহার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের মধ্যে দ্বন্দ্ব এবং আইনমন্ত্রীর বক্তব্য একই সূত্রে গাঁথা। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমরা বার বার প্রতারিত হয়েছি। ৪৩ বছরে বিচার হয়নি, আমরা আরও ৪৩ বছর অপেক্ষা করতে পারব না।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত যায়। এর আগে ইমরান এইচ সরকার বলেন, মানুষের ঘরে ঘরে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘প্রত্যেক ঘরকে এক একটি গণজাগরণ মঞ্চ করা হবে।’