‘বাবু, স্কুল তো নাই, লেখাপড়া শিখিব কোনদি? মাইয়া মানুষ লেখাপড়া শিখি লাভ নাই, বিয়া দিলেই ভালা।’ কথাগুলো বলছিলেন খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলার সীমান্তবর্তী দুর্গম গ্রাম সীমানাপাড়ার চন্দ্রকিশোর ত্রিপুরা। এ গ্রামের বাসিন্দারা বোঝে না জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কী। গ্রামের প্রায় প্রতিটি পরিবারে পাঁচ-ছয়টি এমনকি সাতটি ছেলেমেয়েও আছে। দারিদ্র্য গ্রাস করছে এ গ্রামের আদিবাসীদের। ১২-১৩ বছর না পেরোতেই মেয়েদের বিয়ে হয়ে যায়।সীমানাপাড়া গ্রামে গিয়ে প্রথমেই সমস্যায় পড়তে হয় ভাষা নিয়ে। পরে গ্রামেরই এক কিশোর হজি বিকাশ ত্রিপুরার সাহায্য নিয়ে কথা হয় গ্রামের মানুষের সঙ্গে। হজি বিকাশ ত্রিপুরা জানায়, সে অনেক কষ্টে প্রায় ৩০ কিলোমিটার দূরের বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করে এবার এসএসসি পাস করেছে। তার সঙ্গে গ্রামের আরও তিনজন এসএসসি পরীক্ষা দিয়েছে। গ্রামে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।কথা হয় চরমতি ত্রিপুরা নামে এক নারীর সঙ্গে। তিনি জানান, তাঁর বয়স ১৯ বছর। বিয়ে হয়েছে সাত বছর আগে। বর্তমানে তাঁর দুটি সন্তান রয়েছে। বড় ছেলে শান্তিময় ত্রিপুরার বয়স চার আর ছোট ছেলে জুয়েলের বয়স দুই বছর। আর সন্তান নেওয়ার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই আছে। সন্তান নিলে তো ক্ষতি নেই।’ছমি রঞ্জন ত্রিপুরা (২০) জানান, আট বছর আগে বিয়ে করেছেন তিনি। প্রীতিময় ত্রিপুরার বয়স এখন ১৭ বছর। তিন বছর আগে বিয়ে হয়েছে তাঁর। গ্রামের গনেত্রি ত্রিপুরা (১২), সন্তা ত্রিপুরা (১৪) ও পুঞ্জিতা ত্রিপুরা (১২)—ওরা সবাই বালিকাবধূ। লেখাপড়া শেখেনি তারা।অষ্টম শ্রেণী পাস বরুণা ত্রিপুরা জানান, তাঁরও বিয়ে হয়েছে ১০ বছর আগে। এখন বয়স ২৪ বছর। অনেক কষ্টে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন তিনি। দুটি সন্তান রয়েছে তাঁর। আর নেওয়ার ইচ্ছা নেই।গ্রামের কাদানা ও নরী ভূষণ দম্পতির ঘরে চার মেয়ে ও এক ছেলে। অমি বালার ঘরে ছয় ছেলেমেয়ে। মেদ্রিকা ও পত্রমোহন দম্পতির রয়েছে তিন মেয়ে ও দুই ছেলে। এঁদের মতো গ্রামের প্রতিটি ঘরেই পাঁচ-ছয়টি এমনকি সাতটি করে সন্তান-সন্ততি রয়েছে। গ্রামের বেশির ভাগ নারীর কাছে জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চাওয়া হলে ত্রিপুরা ভাষায় সবার এক জবাব—‘সিয়া’। অর্থাৎ ‘জানি না’।হজি বিকাশ ত্রিপুরা জানায়, তারাও সাত ভাই-বোন। সে লেখাপড়া করছে, এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বলে, ‘এখন বুঝছি, ঘরে ভাই-বোন বেশি হলে পরিবারের অবস্থা কতটা শোচনীয় হয়।’ হজি বিকাশের সঙ্গে রুনা ত্রিপুরা এবার এসএসসি দিয়েছে। সে বলে, ‘জানি না, আমাদের গ্রামের মতো আর কোনো গ্রাম আছে কি না; যে গ্রামে ঘরে ঘরে অধিক সন্তান। ১২-১৪ বছর না পেরোতেই মেয়েদের বিয়ে হয়ে যায়। আমরা বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু গ্রামের মানুষ আমাদের শত্রু ভাবে।’দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা পার্বত্য চট্টগ্রামে কাজ করছে। কিন্তু এ গ্রামে কেউ আসে বলে মনে হয় না। সীমানাপাড়ার বাসিন্দাদের সচেতন করে তুলতে না পারলে ওরা দিন দিন পিছিয়ে পড়বে।খাগড়াছড়ির সিভিল সার্জন আলী আশরাফ জানান, এমন একটি গ্রাম আছে, বিষয়টি আগে জানা ছিল না। তিনি ওই গ্রাম পরিদর্শনে যাবেন বলে জানালেন।