২০২১ সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুৎ দেওয়ার রূপকল্পভিত্তিক কর্মসূচির লাগাম টানতে হচ্ছে সরকারকে। গত ছয় বছরে বিদ্যুতের উৎপাদনক্ষমতা তিন গুণের বেশি বাড়িয়েও ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারা এর প্রধান কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে ওই রূপকল্প বাস্তবায়নের জন্য আগামী পাঁচ বছরে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কাজ পিছিয়ে পড়া।
এ অবস্থায় সরকার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিছুটা ধীরগতি অনুসরণের নীতি নিয়েছে। বিষয়টি ইতিমধ্যে বিতরণ কোম্পানিগুলোকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্রগুলো বলেছে, বিদ্যুতের উৎপাদনক্ষমতা বাড়লেও জ্বালানিস্বল্পতার কারণে দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আগামী জুনে বিদ্যুৎ উৎপাদনে স্থাপিত ক্ষমতা হবে ১৫ হাজার মেগাওয়াট। কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন সাড়ে আট হাজার মেগাওয়াটও করা যায়নি। আবার যেটুকু উৎপাদন হচ্ছে, তাও সঞ্চালন-ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ঠিকমতো বিতরণ হচ্ছে না।
ভবিষ্যতের হিসাব হলো, ২০২১ সালে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে হলে উৎপাদনক্ষমতা থাকতে হবে ২৪ হাজার মেগাওয়াট। সে হিসাবে আগামী পাঁচ বছরে উৎপাদনক্ষমতা বাড়াতে হবে প্রায় নয় হাজার মেগাওয়াট। এই লক্ষ্য অর্জনের পরিকল্পনা মূলত কয়লাভিত্তিক বড় কেন্দ্রগুলোর ওপর নির্ভর করে করা। কিন্তু কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর বাস্তবায়নের যে অগ্রগতি, তাতে ২০২১ সালের মধ্যে একটি বড় কেন্দ্রও চালু হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
পাবনার রূপপুরে পারমাণবিক কেন্দ্র থেকে ২০২১ সালের মধ্যে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছে সরকার। ওই বিদ্যুৎকেন্দ্রের রুশ নির্মাতা প্রতিষ্ঠান সরকারকে সেই আশ্বাস দিয়েছে। তবে ২০২৩ সালের আগে ওই বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসার সম্ভাবনা কম বলে পরমাণু শক্তি কমিশনের সূত্র বলেছে।
গ্যাস ও তেলভিত্তিক কিছু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কার্যক্রম বিভিন্ন পর্যায়ে রয়েছে। ভারত থেকে আমদানি এবং নবায়নযোগ্য উৎস থেকেও আগামী পাঁচ বছরে অন্তত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে মন্ত্রণালয় সূত্র বলেছে। তবে কর্মকর্তারা মনে করছেন, তা দিয়ে ২০২১ সালে প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে না।
অবশ্য এ সম্পর্কে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, সরকার কয়লাভিত্তিক বড় কেন্দ্রগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অন্যান্য সম্ভাব্য উৎস থেকেও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত আছে। সঞ্চালন ও বিতরণ-ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করার জন্যও প্রকল্প বাস্তবায়নাধীন আছে। ২০২১ সালে, দেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার অবিচল।
বিদ্যমান অবস্থা: বর্তমানে সরকারি-বেসরকারি মিলে শতাধিক বিদ্যুৎকেন্দ্রের স্থাপিত ক্ষমতা প্রায় সাড়ে ১৪ হাজার মেগাওয়াট। কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড হচ্ছে ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট (গত ৯ এপ্রিল সন্ধ্যা সাতটায়)। গ্রীষ্ম ও সেচ মৌসুমের অন্যান্য দিনে সাধারণভাবে কিছুটা কম-বেশি আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র বলেছে, উৎপাদিত বিদ্যুতের অন্তত ৫ শতাংশ বিদ্যুৎকেন্দ্রগুলোতেই ব্যবহৃত হয়, যাকে বলা হয় ‘অক্সিলারি’। উৎপাদন আট হাজার মেগাওয়াট হলে ‘অক্সিলারি’ হিসেবে ব্যবহৃত হয় অন্তত ৪০০ মেগাওয়াট। বাকি ৭ হাজার ৬০০ মেগাওয়াট থেকে সঞ্চালন লস (লোকসান) হয় অন্তত ৩ শতাংশ, অর্থাৎ ২২৮ মেগাওয়াট। সে হিসাবে বিতরণ লাইনে ঢোকে ৭ হাজার ৩৭২ মেগাওয়াট। এখান থেকে বিতরণ লোকসান হয় অন্তত ১০ শতাংশ, অর্থাৎ ৭৩৭ মেগাওয়াট। সবশেষে গ্রাহক পর্যায়ে পৌঁছায় ৬ হাজার ৬৩৫ মেগাওয়াট।
কিন্তু বর্তমানে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে আট হাজার মেগাওয়াট। এর মধ্যে পল্লী বিদ্যুতের দেড় কোটিরও বেশি গ্রাহকের চাহিদা প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াট। ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী দুটি প্রতিষ্ঠান ডিপিডিসি ও ডেসকোর মোট চাহিদা প্রায় আড়াই হাজার মেগাওয়াট। পিডিবি এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির মোট চাহিদা প্রায় দেড় হাজার মেগাওয়াট।
এই হিসাবে গ্রাহক পর্যায়ের চাহিদার তুলনায় সরবরাহ কম হচ্ছে প্রায় দুই হাজার মেগাওয়াট। এই ঘাটতি পূরণের মতো উৎপাদনক্ষমতা আছে। কিন্তু জ্বালানিস্বল্পতা, বিশেষ করে গ্যাসের অভাবে সেই ক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে গ্যাসের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৪০ কোটি ঘনফুট। কিন্তু দেওয়া হচ্ছে ১০০ কোটি ঘনফুটের মতো। পেট্রোবাংলা অনেক দিন ধরেই বলছে, নতুন কোনো বড় গ্যাসক্ষেত্র পাওয়া না গেলে অদূর ভবিষ্যতে বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে না।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম প্রথম আলোকে বলেন, কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর বাস্তবায়ন ছাড়া চাহিদা পূরণের মতো ও সীমিত দামে বিদ্যুৎ পাওয়ার আর কোনো উপায় নেই। আর কিছু বিদ্যুৎ পাওয়া যেতে পারে ভারত থেকে আমদানির মাধ্যমে। তবে তার পরিমাণ ২০২০-২১ সালের মধ্যে এতটা হবে না, যা কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর বিকল্প হতে পারে।