ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে বেশি সময় লাগবে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয়ের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
সচিবালয়ের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, ৭০ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে আর খুব বেশি সময় লাগবে না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট থেকে দেশকে স্বস্তি দিতে এবং বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নিরলস পরিশ্রমের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, অনেকে অনেক কিছু বলতে পারেন। কিন্তু যখন দেশের মানুষ, এমনকি রাজধানীর নাগরিকেরা তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছিলেন, সে সময় দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা করা কঠিন কাজ ছিল।

২০০৯ সালে প্রায় পাঁচ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন তিন হাজার মেগাওয়াটে নেমে আসার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়ানো ও গ্যাস সমস্যা সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছি। ফলে বর্তমানে ৭০ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে এবং অবশিষ্ট মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছতে আর খুব বেশি লাগবে না।’

এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংশ্লিষ্ট সচিব, মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস