ঘরে ঘরে বিদ্যুৎ সময়ের ব্যাপার মাত্র: প্রধানমন্ত্রী
দেশে ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলা এখন শুধু সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশের প্রায় ৯০ ভাগ মানুষই বিদ্যুৎ পেয়ে গেছেন। আর ১০ ভাগ মানুষও পাবেন। সেদিকে লক্ষ্য রেখেই সরকার কাজ করে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী গতকাল রোববার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন।
মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের ১ হাজার ৪১৪ একর জমিতে জাপান সরকারের সহযোগিতায় ও জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
মাতারবাড়ীর এই বিদ্যুৎকেন্দ্র হবে বাংলাদেশের অন্যতম বড় বিদ্যুৎ প্রকল্প। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতায় যে বন্দর নির্মাণ করা হবে, পরে তা গভীর সমুদ্রবন্দরে রূপান্তরিত করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের ভিশন-২০২১ ও ভিশন-২০৪১-এর কথা পুনরুল্লেখ করে বলেন, ‘দেশের প্রত্যেক মানুষের ঘরে আমরা আলো জ্বালব, সেটাই আমাদের লক্ষ্য।’
সরকারপ্রধান বলেন, যেখানে বিদ্যুতের গ্রিডলাইন নেই, সেখানে তাঁর সরকার সোলার সিস্টেম বসিয়ে দিচ্ছে। এ পর্যন্ত প্রায় ৪৬ লাখ সোলার সিস্টেম বসানো হয়েছে। মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির সঙ্গে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির বিষয়টি যুক্ত উল্লেখ করে তিনি বলেন, মানুষের এই চাহিদার সঙ্গে মিল রেখেই সরকার বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে।
সরকার কয়লাভিত্তিক ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, ভারত থেকে বিদ্যুৎ ক্রয়, নেপাল-ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার সম্ভব সব পদক্ষেপ নিচ্ছে—বলেন প্রধানমন্ত্রী।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বিশেষ উপদেষ্টা কেনতারো সনুউরা ও জাইকার জ্যেষ্ঠ সভাপতি ইনিচি ইয়ামাদাস গণভবন থেকে এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইসু ইজুমি মাতারবাড়ী থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন এবং বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউস প্রকল্পের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন। প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে ২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে কর্মরত সাতজন জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনা স্মরণ করে দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি পুনরায় সমবেদনা জানান। এত কিছুর পর বাংলাদেশে আসার এবং কাজ চালিয়ে যাওয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রী ও জাইকাকে ধন্যবাদ জানান তিনি।
সহযোগিতা অব্যাহত রাখবে জাপান
সফররত জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা কেনতারো সনুউরা গতকাল শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে বিশেষত বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। প্রধানমন্ত্রী শিনজো আবে এই সহযোগিতা অব্যাহত রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
শেখ হাসিনা এ সময় বাংলাদেশে জাপানি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য উন্নয়ন লক্ষ্য অর্জনে জাপানি সহায়তা বিশেষ কাজে দেবে।