ঘরে ঘরে মাছ উৎসব
শাকসবজি দিয়ে বিভিন্ন পদের মাছ রান্নায় ব্যস্ত বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামের অর্চনা রানী। তাঁর স্বামী সুকুমার মোহন্ত রাজমিস্ত্রির কাজ করে কোনোরকমে সংসার চালান। এর পরও অর্চনা রানী সারা বছর ধরে কৌটার মধ্যে কিছু টাকা জমিয়ে রাখেন মাছের মেলার জন্য। গতকাল রোববার উথলী গ্রামে ওই মাছের মেলা থেকেই কেনা হয়েছে মাছগুলো।
শুধু অর্চনা রানীর বাড়ি নয়, প্রতিবছর উথলী মাছের মেলাকে কেন্দ্র করে আশপাশের ১৭টি গ্রামে উৎসবের আমেজ দেখা যায়। এলাকাবাসী জানান, ভোর থেকে মাছের মেলায় ঢল নামে মানুষের। মূলত সনাতন হিন্দু সম্প্রদায়ের নবান্ন উৎসবকে ঘিরে এর আয়োজন হলেও মুসলিম পরিবারগুলোতেও এই দিনে উৎসবের আমেজ বিরাজ করে। এই দিন সব বাড়িতেই বিভিন্ন ধরনের মাছের নানা পদের তরকারি রান্না হয়।
গ্রামের এবাদুর রহমান বলেন, মেলা শুরুর মাস খানেক আগে থেকেই মাছের মেলার জন্য ঘরে ঘরে আয়োজন চলে। সব অভাব-অনটন ছাপিয়ে মানুষ উৎসবে মেতে ওঠে। বাড়ি বাড়ি অতিথি আপ্যায়নের ধুম পড়ে যায়।