ঘরে ঢুকে কলেজছাত্রীকে ধর্ষণ, ছয় ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌশলে বাসায় ঢুকে রাজধানীর মিরপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও এতে সহযোগিতার অভিযোগে ছয়জন ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনার শিকার কলেজছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে৷
গ্রেপ্তার ছয়জন হলেন মাহবুব আহাদ (৫০), আলমগীর হোসেন ওরফে শুভ (৩০), আবু বক্কর সিদ্দিক (৩৩), আনিছ মাহমুদ ওরফে লিমন (৩১), মুছা মিয়া (৫০) ও মাহমুদা আক্তার (২২)৷
পুলিশ জানিয়েছে, এঁরা সবাই মিরপুর এলাকার বাসিন্দা ও প্রতারক চক্রের সদস্য৷ নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন৷
এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে৷ গ্রেপ্তার হওয়া ছয়জনকে গতকাল মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও পুলিশের বক্তব্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যার দিকে ওই কলেজছাত্রী মিরপুর আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় তাঁর চাচির বাসায় যান। ওই সময় বাসায় কোনো পুরুষ সদস্য ছিলেন না। সন্ধ্যা সাতটার দিকে এক যুবকসহ গ্রেপ্তার হওয়া মাহমুদা ওই বাসার দরজায় করাঘাত করেন। দরজা খুলে দেওয়ার পর মাহমুদা ওই কলেজছাত্রীর চাচিকে বলেন, তাঁরা ঢাকায় নতুন এসেছেন। কোথাও থাকার জায়গা নেই। তাঁর (কলেজছাত্রীর চাচি) এক পরিচিত তাঁদের পাঠিয়েছেন।
এসব কথাবার্তার মাঝেই আরও ছয়-সাতজন যুবক ওই বাসায় ঢুকে পড়েন। তাঁরা নিজেদের সাংবাদিক পরিচয় দেন। অসামাজিক কার্যকলাপ হওয়ার অভিযোগ তুলে ওই যুবকেরা ওই কলেজছাত্রী ও তাঁর চাচির ছবি তুলতে থাকেন। এ ব্যাপারে খবর প্রকাশ করা হবে বলে হুমকি দেন৷ কলেজছাত্রীর চাচি এর প্রতিবাদ করলে তাঁকে মারধর শুরু করেন যুবকেরা। তাঁরা কলেজছাত্রীর ওড়না কেড়ে নিয়ে ভিডিওচিত্র ধারণ করেন। এরপর এসব ছবি ও ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন যুবকেরা। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই কলেজছাত্রীকে একটি কক্ষে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন গ্রেপ্তার হওয়া মাহবুব। শ্লীলতাহানি করেন গ্রেপ্তার হওয়া আলমগীর। এরপর এসব ছবি ও ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যুবকেরা কলেজছাত্রীর চাচির কাছে এক লাখ টাকা দাবি করেন। এদিকে এসব নিয়ে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন আসতে থাকলে ক্যামেরা নিয়ে যুবকেরা পালিয়ে যান। তখন কলেজছাত্রীর চাচি কৌশলে বাসার কলাপসিবল ফটকে তালা লাগিয়ে দিলে ঘরের ভেতরে আটকা পড়েন ছয়জন। পরে ওই ছাত্রীর চাচি তাঁর স্বামীকে ফোন করে ঘটনা জানান৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করে মিরপুর থানায় নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই কলেজছাত্রীকে ভর্তি করা হয়। ওসিসির সমন্বয়কারী বিলকিছ বেগম সাংবাদিকদের জানান, কলেজছাত্রীর ফরেনসিক পরীক্ষা এবং তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন মোটামুটি সুস্থ আছেন।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ওই ছয়জন দীর্ঘদিন ধরে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধকর্ম ও প্রতারণা করে আসছেন। তাঁদের কাছে বিভিন্ন অখ্যাত ও ভুয়া সংবাদপত্রের পরিচয়পত্র পাওয়া গেছে।