ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসায় ঢুকে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বিষয়টি ডাকাতি হিসেবে বললেও পুলিশ তা নিশ্চিত করেনি। নিহত গৃহবধূর নাম সুমা আক্তার (৩৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ১১১ নম্বর বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। কেব্ল লাইনের মেরামতকারী পরিচয় দিয়ে তিন যুবক বাসায় ঢুকে সুমা আক্তার ও গৃহকর্মী জেসমিন আক্তারকে বেঁধে ফেলে। এরপর সুমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় সুমার ছয় বছরের প্রতিবন্ধী ছেলেও ওই বাড়িতে ছিল। খিলগাঁও থানার ওসি নাজিমউদ্দীন জানান, সুমা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁদের ঘর থেকে উল্লেখযোগ্য কোনো কিছু লুট হয়নি। তাই এটাকে ঠিক লুটের উদ্দেশ্যে হামলা বলা যায় না। সুমার স্বামী মাহফুজুল হক ভূঁইয়া জানান, তিনি তখন বাইরে ছিলেন। তাঁদের বাসায় ডাকাতি বা লুট হওয়ার মতো কোনো জিনিসই ছিল না।