ঘরে ঢুকে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামে গত মঙ্গলবার রাতে সপ্তম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তারকে তার কক্ষে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয় বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছেন তার স্কুল খাজুরা উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
মরিয়মের পরিবারের বরাত দিয়ে নলডাঙ্গা থানার পুলিশ জানায়, খাজুরা গ্রামের সরকারপাড়ার এলাকার আবদুর রশীদের মেয়ে মরিয়ম আক্তার ওরফে লাবণী। মঙ্গলবার রাতে পরিবারের সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। মরিয়মও নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে ঘুম থেকে উঠার পর দরজা বাইরে থেকে আটকানো থাকায় কেউই কক্ষ থেকে বের হতে পারছিলেন না। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন দরজায় বাইরে থেকে শিকল দেওয়া। প্রতিবেশীরা শিকল খুলে দেন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দেখতে পান লাবণীর কক্ষের দরজা খোলা। তাঁরা ভেতরে ঢুকে দেখেন, মেঝেতে লাবণীর লাশ পড়ে আছে। ঘরের অন্য জিনিস তছনছ করা।
খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও নলডাঙ্গা থানার ওসি মনির হোসেন ঘটনাস্থলে যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদনে মনে হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মনির হোসেন জানান, মেয়েটিকে স্কুলে যাওয়া-আসার পথে একটি ছেলে উত্ত্যক্ত করত বলে তার পরিবার জানিয়েছে। কিন্তু ছেলেটির পরিচয় জানাতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মেয়েটির বাবা মামলা করেছেন। এজাহারে কারও নাম উল্লেখ করেননি তিনি।
মরিয়মের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত খাজুরা বাজার থেকে মরিয়মদের বাড়ি পর্যন্ত মানববন্ধন করেছে খাজুরা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।