ঘরে ঢুকে পড়ল ট্যাংকলরি, প্রাণ গেল শিক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা এলাকায় আজ রোববার বিকেলে চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়ক থেকে একটি ট্যাংকলরি বাড়ির ভেতর ঢুকে পড়ে। এর চাপায় স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁর চার শিক্ষার্থী।

ওই মাদ্রাসাশিক্ষকের নাম নজরুল ইসলাম ওরফে সাইফুল (৪০)। তিনি উপজেলার বোয়ালমারী কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাঁথিয়া-বেড়া সড়কের পাশে করমচা এলাকায় একটি বাড়িতে ওই শিক্ষক ছাত্রদের পড়াচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সাঁথিয়া থেকে বেড়াগামী একটি ট্যাংকলরির চালক নিয়ন্ত্রণ হারালে এটি সড়ক ছেড়ে ওই বাড়িতে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হয় কুলসুম, রোজিনা, আলিম ও মামুন নামে চার শিক্ষার্থী। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করেছি। ট্যাংকলরিটি ঘটনাস্থলেই পড়ে আছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়েছেন।’