ঘরে ঢুকে মা-বাবার সামনে গুলি করে ছেলেকে হত্যা

গুলিবিদ্ধ ছেলে বিছানায় ছটফট করছেন। পিঠমোড়া করে হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসা বাবা। ছেলের মুখে একটু পানি দিতে মা আকুতি জানালেন ঘরে ঢোকা অস্ত্রধারী যুবকদের প্রতি। কর্ণপাত করেনি দুর্বৃত্তরা। প্রায় আধা ঘণ্টা পর তারা চলে গেলে ছেলেটিকে নেওয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানালেন, অনেক আগেই মারা গেছেন ছেলেটি।বাসায় ঢুকে মা-বাবার সামনে গুলি করে একমাত্র সন্তানকে হত্যার এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে। নিহত বখতিয়ার লতিফ (২০) ‘এ’ লেভেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। শোকে পাগলপ্রায় বাবা জাহিদ আল লতিফ ও মা শামসুন্নাহার ফেরদৌসী আহাজারি করতে করতে ঘটনার বর্ণনা দেন স্বজনদের। জাহিদ পরিবহন ব্যবসায়ী এবং উত্তর যাত্রাবাড়ীর আল সাজেদা ফিলিং স্টেশনটিও তাঁদের। ফিলিং স্টেশন লাগোয়া একতলা পৈতৃক বাড়িটিতে ঘটেছে এ হত্যাকাণ্ড।পরিবারের সন্দেহ, ডাকাতি করতে এসে ওই দুর্বৃত্তরা বখতিয়ারকে গুলি করেছে। তবে এ বিষয়ে পুলিশ নিশ্চিত নয়।ওই বাড়িতে সন্তানসহ জাহিদ দম্পতি, বখতিয়ারের দাদি সাজেদা বেগম ও দুই গৃহকর্মী থাকেন। গৃহকর্মীদের একজনের স্বামী সপ্তাহে এক দিন ওই বাড়িতে থাকেন।যাত্রাবাড়ী থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পেছনের ফটকের তালা ভেঙে কয়েকজন যুবক বাড়িতে ঢুকে কাপড় দিয়ে মুখ ঢাকেন। অস্ত্রধারী যুবকেরা প্রথমে ফটকের পাশে গৃহকর্মী চম্পা ও তাঁর স্বামী মো. রাসেলের কক্ষে গিয়ে বাতি জ্বালান এবং রাসেলের হাত-পা কাপড় দিয়ে বাঁধেন ও চম্পাকে জিম্মি করেন। তাঁরা চম্পার কাছে জানতে চান, এটি ফিলিং স্টেশনের মালিকের বাড়ি কি না। এরপর যুবকেরা বসার ঘর পেরিয়ে দরজা ধাক্কা দিয়ে জাহিদ দম্পতির ঘরে ঢোকেন। এ সময় ট্যাবে গেমস খেলতে থাকা বখতিয়ার সামনের দিকে এগোলে যুবকেরা তাঁকে গুলি করেন।

গুলিটি বুকের বাঁ দিকে লাগলে বখতিয়ার বিছানায় পড়ে যান। দরজার ধাক্কার শব্দে ঘুম ভেঙে যাওয়া জাহিদকে বেঁধে ফেলেন অস্ত্রধারীরা। জিম্মি করা হয় বখতিয়ারের মাকে। যুবকদের কয়েকজন আলমারি ভেঙে কাপড়-চোপড় তছনছ করে খোঁজাখুঁজি করেন। প্রায় আধা ঘণ্টায় তাঁরা সবকিছু ওলটপালট করে পেছনের ফটক দিয়েই পালিয়ে যান। মাসহ কয়েকজন মিলে বখতিয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।চম্পা বলেন, যুবকদের হাতে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রসহ রড ছিল। তাঁর স্বামী মালিবাগের একটি হোটেলে চাকরি করেন। সপ্তাহে এক দিন এ বাসায় থাকেন।গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদমুখী সড়কের পাশের ওই বাড়িতে গিয়ে শোনা যায় মাতম। ঘটনা শুনে ছুটে আসে স্বজন, পরিচিতজন, প্রতিবেশী ও পুলিশ কর্মকর্তারা। জাহিদ বিলাপ করে বলছিলেন, ‘গুলিটা আমার গায়ে লাগল না কেন, এ দেশে কোনো সিকিউরিটি নাই।’ কিছুক্ষণ পর ‘আমার ছেলে নাই, আমার ছেলে নাই’ বলে কাঁদতে কাঁদতে বাসায় ঢোকেন শামসুন্নাহার। তিনি তখন ফিরলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।বখতিয়ারের মা-বাবার কক্ষে ঢুকে দেখা যায়, আলমারিসহ সব আসবাব তছনছ। বিছানার চাদরে একটি ছিদ্র। উল্টো পাশের কক্ষে ফুঁপিয়ে কাঁদছিলেন সাজেদা বেগম ও স্বজনেরা।শামসুন্নাহার কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, ‘আধা ঘণ্টা ধরে আমার ছেলেটা গুলিবিদ্ধ অবস্থায় বিছানায় পড়ে ছিল। কিছুক্ষণ ছটফট করে সে নিস্তেজ হয়ে গিয়েছিল। আমি ছেলেটারে একটু পানি দিতে ওদের এত করে বললাম, কেউ শুনল না।’ তিনি বলেন, ওই যুবকেরা কিছু স্বর্ণালংকার নিয়ে গেছেন। এটা ডাকাতি বলেই তাঁর সন্দেহ।তবে পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বলেন, ‘ডাকাতির বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। ওই বাড়িতে কয়েক ভরি স্বর্ণালংকার থাকলেও তা খোয়া যায়নি। গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’