ঘরে তালা দিয়ে নারীকে পুড়িয়ে মারার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের আচারগাঁও এলাকার এক নারীকে তাঁর বসতঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে মারার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই নারীকে রোববার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ওই নারীর বাবা চিকিৎসকের উদ্ধৃিত দিয়ে বলেন, আগুনে তাঁর মেয়ের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ওই নারীর বাড়ি নান্দাইল শহরের জলসিঁড়ি পরিবহন বাসস্ট্যান্ডের বিপরীতে অবস্থিত। বাসস্ট্যান্ড এলাকার লোকজন জানান, ওই নারী তাঁর মা-বাবাকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকেন। স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
এলাকার বাসিন্দা ফেরদৌস আহমেদ ভূঁইয়া (৫০) বলেন, রোববার রাত দুইটা থেকে আড়াইটার দিকে চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ওই নারীর ঘরের ভেতরে আগুন জ্বলছে। ভেতর থেকে নারী কণ্ঠের বাঁচাও বাঁচাও চিৎকার শোনা যাচ্ছে। কিন্তু বাইরে থেকে দরজায় তালা লাগানো৷ পরে লোকজন দরজা ভেঙে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটার কথা এলাকায় প্রচার থাকলেও ওই বাড়িতে বিদ্যুতের কোনো সংযোগ দেখা যায়নি।