ঘরে তোলা বোরো ধানের ক্ষতি, কম দামে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষক এ ধান কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে জানা গেছে, উপজেলায় এবার ২৭ হাজার ৫২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১০ হাজার মেট্রিক টন। উৎপাদন হয়েছে এক লাখ ৪১৪ মেট্রিক টন।
বরাম হাওর পাড়ের কৃষক আবদুল করিম বলেন, ‘এক মাস আগে আমি ধান কেটেছিলাম। এরপর প্রচুর বৃষ্টি হওয়ায় ধান শুকানোর জায়গা নষ্ট হয়ে যায়। এক মাসের মধ্যে মাত্র দুই-তিন দিন ধান রোদে শুকাতে পেরেছি। ধানের রং নষ্ট হয়ে যাওয়ায় আমার ধান কেউ কিনছে না।’
চাপতির হাওর পাড়ের কৃষক সুহেল মিয়া বলেন, এক বছরের জন্য তিনি অন্যের ২৪০ শতক জমি ইজারা নিয়ে ধান রোপণ করেন। এতে তাঁর খরচ হয়েছে ১৫ হাজার টাকা। তিনি যে ধান পেয়েছেন তা দিয়ে খরচের টাকাও উঠছে না।
কল্যাণী গ্রামের কৃষানি ঊষা রানী দাস বলেন, তাঁর স্বামী অন্যের ৯০ শতক জমি ইজারা নিয়ে এবার বোরো রোপণ করেছিলেন। এক মাস আগে ধান কাটা হয়েছে। ধান নষ্ট হওয়ায় এখন তা কেউ কিনতে চাচ্ছে না।
কয়েকজন কৃষকের বাড়ি গিয়ে দেখা যায়, ধানে চারা গজিয়ে কালচে রং ধরছে।
ধান ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ভালো ধান ৫০০-৫৫০ টাকা ও মাঝারি মানের ধান ৪০০-৪৫০ টাকা দরে কিনছেন।
দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কদ্দুস বলেন, অতি বৃষ্টির কারণে বোরো ধানের কী পরিমাণ ক্ষতি হয়েছে কৃষি বিভাগ তা নিরূপণ করেনি। দিরাই উপজেলায় ২৫-৩০ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি অনুমান করছেন।
দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুর রহমান বলেন, উপজেলায় ধানের বাম্পার ফলন হলেও শীলাবৃষ্টির কারণে ও রোদের অভাবে ধান শুকাতে না পারায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। কৃষকেরা এবার ব্রি-২৯ জাতের ধান বেশি লাগিয়েছেন। শিলাবৃষ্টিতে এই ধানের বেশি ক্ষতি হয়েছে।