
দুই দিনের অবিরাম বর্ষণে রংপুর নগরের নাচনিয়া বস্তির ১৭০টি পরিবারের বাড়িঘরে পানি উঠে গেছে। এতে প্রায় ৫০০ মানুষ একটি বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছে। নগরের আরও কিছু নিচু এলাকার অনেক বাড়ির লোকজনও পানিবন্দী হয়ে পড়েছেন।
নিষ্কাশনব্যবস্থা দুর্বল হওয়ার কারণে নগরে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
নগরের ৩০ নম্বর ওয়ার্ডের নাচনিয়া বস্তিতে সরেজমিনে দেখা গেছে, এই এলাকার কোথাও এক কোমর, আবার কোথাও হাঁটুপানি জমে গেছে। এই এলাকার পানি সাধারণত পাশের নাচনিয়া বিলে গিয়ে পড়ে। কিন্তু সেই বিলও পানিতে উপচে গেছে। এ কারণে পানি নিষ্কাশন হচ্ছে না।
বস্তির অনেক ঘরের বেড়া পর্যন্ত পানি হয়েছে। বিছানাপত্র ভেসে গেছে অনেকের। হাঁড়িপাতিলসহ সহায়সম্বল নিয়ে বস্তি ছেড়ে যাচ্ছেন তাঁরা। ঘরবাড়ি সামাল দিতে পুরুষ লোকজন কাজে যেতে পারছেন না। নারী-শিশুরা পড়েছে বিপাকে।
ওই বস্তির ১৭০টি পরিবার উপায় না পেয়ে বাধ্য হয়ে এর পাশের রোটারি ক্লাব পরিচালিত একটি বিদ্যালয়ের নতুন ভবনে উঠেছে।
শাহিদা খাতুন বলেন, ‘দুই দিন থাকিয়া খুব কষ্টোত আছি। হামারগুলার পাকে কায়ও দেখে না। খুব কষ্ট হইছে ছাওয়াগুলার।’ রাহেলা বেগম বলেন, ‘পানি জমি থাকিয়া বাড়ির জিনিপত্র নষ্ট হওয়ার উপক্রম হইছে।’
ওই বস্তির বাসিন্দা সাদেকুল ইসলাম, শাহিন মিয়া, আবুল কালাম পানিবন্দী এসব অসহায় পরিবারের মধ্যে খাবার বিতরণের দাবি জানিয়েছেন।
৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, মেয়রের সঙ্গে কথা বলে তাঁদের সাহায্যের ব্যবস্থা করা হবে।
টানা বৃষ্টিতে গতকাল মঙ্গলবারও নগরের মেডিকেল পূর্ব গেট, মহাদেবপুর, শালবন, শালবন মিস্ত্রিপাড়া, বোতলা, গণেশপুর, মুলাটোল, কেরানীপাড়া, মুন্সিপাড়া, গুড়াতিপাড়া, কামারপাড়া, বাবুখাঁ, বানানীপাড়া, আদর্শপাড়াসহ আরও কিছু এলাকার নিচু অংশের সড়ক ও বাড়িঘরে পানি উঠেছে। এসব এলাকায় কয়েক শ পরিবার দুর্ভোগের মধ্যে পড়েছে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, ‘অনেক স্থানে পানি নিষ্কাশনের জন্য নর্দমা নেই। বিভিন্ন ভবন তৈরির সময় লোকজন তাদের বাসাবাড়ির পানি নিষ্কাশনের জন্য নর্দমার ব্যবস্থা রাখেনি। এর ফলে বৃষ্টি হলে পানি জমে যায়।’