ঘরে ফিরতে পারছে না বানভাসি মানুষ
নীলফামারীর ডিমলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো ঘরে ফিরতে পারছে না বানভাসি মানুষ। কারণ, এখনো তাদের বাড়িঘর থেকে সম্পূর্ণ পানি নেমে যায়নি। অনেকের বাড়িঘর তিস্তা নদীতে বিলীন হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিমলা উপজেলার ডালিয়া সিলট্রাপ এলাকায় গিয়ে কথা হয় উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের টাপুরচর গ্রামের হাজেরা খাতুনের (৪০) সঙ্গে। তিনি বলেন, এই নদী আমাগো সব শ্যাষ কইরা দিলো, অহন আমাগো আত (হাত) আর পাও ছাড়া কিচ্ছুই রইল না। এ সময় তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ দিন আগে বন্যা ও তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে এখানে আশ্রয় নিয়েছেন তাঁরা। গ্রামে তাঁদের এক বিঘা নিজস্ব এবং বন্ধক নেওয়া চার বিঘা জমি ছিল। নদীভাঙনে সব বিলীন হয়ে গেছে। এখন তাঁরা নিঃস্ব।
হাজেরার মতো সর্বস্ব হারিয়ে ডালিয়া সিলট্রাপ এলাকায় আশ্রয় নিয়েছেন অনেকে। ত্রাণ নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই। তাঁদের দাবি টেপাখড়িবাড়ি ইউনিয়নে একটি বাঁধ নির্মাণের। সেখানে আশ্রয় নেওয়া লালমনিরহাটের হাতীবান্ধার সানিয়াজান ইউনিয়নের পাক শেখ সিন্দুর গ্রামের জহুরুল হক (৫০) বলেন, টেপাখড়িবাড়ি ইউনিয়নে বাঁধ ভেঙে আমাদের এলাকার অসংখ্য মানুষের বাড়িঘর জমিজমা নদীতে গেছে। সেখানে বাঁধ হলে আমরা সবাই বাঁচব।
পূর্বখড়িবাড়ি গ্রামের মজিরন বেগম (৫০) বলেন, আমাগো কোনো অভাব আছিল না, অহন আমরা পথের মানুষ। ইসমাইল হোসেন (৪০) বলেন, কোথাও ৫টি, কোথাও ১০টি করে পরিবারের জন্য একটি করে ল্যাট্রিন করে দেওয়া হয়েছে। এ কারণে ল্যাট্রিনে দীর্ঘ লাইন দিতে হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ঢাকা) সহকারী প্রকৌশলী গোলাম রহমান মজুমদার বলেন, আমরা প্রাথমিকভাবে ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। প্রয়োজনে আরও বাড়ানো হবে।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক ময়নুল হক বলেন, সেখানে ভারতীয় সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১ হাজার ৮০০ মিটার একটি বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পের ইতিমধ্যে ১ হাজার ১৬৫ মিটার বাঁধ নির্মাণ সম্পন্ন হয়েছে। আরও ৩৬০ মিটার বাঁধ নির্মাণের দরপত্র করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ওই বাঁধের সঙ্গে আরও দুই কিলোমিটার বাঁধ নির্মাণ করা না গেলে বন্যানিয়ন্ত্রণ সম্ভব হবে না। সে অনুযায়ী দুই কিলোমিটার বাঁধ নির্মাণের প্রস্তাব স্থানীয় সাংসদের ডিও লেটারে পানিসম্পদমন্ত্রী সুপারিশ করেছেন।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, বোমা মেশিনে নদী থেকে পাথর তোলার সময় মাঝনদীতে বালু ফেলার কারণে নদীর চ্যানেল বন্ধ হয়ে নদীর গতিপথ পরিবর্তন হয়ে এই অবস্থার সৃষ্টি করেছে। এ বিষয়ে আমি জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছি।