ঘরে ফেরেনি তিন সহপাঠী
যশোরের চৌগাছা উপজেলায় শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির তিন শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না। গতকাল রোববার দুপুর থেকে তারা নিখোঁজ রয়েছে। এ ঘটনায় চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
নিখোঁজ তিন ছাত্র হলো চৌগাছা থানাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম শাওন (১৩), পশ্চিম কারিগরপাড়ার আরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৩) ও বাকপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে তানভীর আহমেদ (১৩)।
শাওনের বাবা শফিকুল ইসলাম থানায় জিডি করেছেন। জিডিতে বলা হয়েছে, গতকাল রোববার বেলা আনুমানিক আড়াইটার দিকে তাঁর ছেলে আশরাফুল কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বাড়িতে ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও কোথাও তার সন্ধান মেলেনি। বাসায় খোঁজাখুঁজি করে দেখা গেছে, শাওন বাড়ি থেকে যাওয়ার সময় জামা প্যান্ট, শীতের কাপড় ও তিন–চারটি বই ও আনুমানিক নয় হাজার টাকা নিয়ে গেছে। ছেলের বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, তার অপর দুই বন্ধু আশরাফুল ইসলাম ও তানভীরকেও পাওয়া যাচ্ছে না। তিন পরিবারের পক্ষ থেকে তাদের খোঁজাখুঁজি করা হচ্ছে।
সোমবার বিকেলে শাওনের বাবা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলেসহ তিনজনের সন্ধান মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। তিনি বলেন, ‘বছর দু-এক আগে তানভীর একা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এবার আমার ছেলেসহ আরও একজনকে সে নিয়ে গেছে। আমার এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে স্ত্রী চৌগাছায় থাকে। ব্যবসায়িক কাজে বেশির ভাগ সময় আমাকে ঢাকা শহরে থাকতে হয়।’
দুই বছর আগে তানভীরের বাড়ি ছাড়ার বিষয়টি স্বীকার করে তার মা হাফিজা আক্তার বলেন, দুই বছর আগে অন্য দুটি ছেলের সঙ্গে তানভীর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এক দিন পরেই আবার তারা ফিরে আসে। এবার অন্য দুজন তার সঙ্গে গেছে। তিনি বলেন, ‘আমার ছেলেটা খুবই সরল-সোজা। কোথায় যে গেল তা ঠিক বুঝতে পারছি না। তানভীরের বাবা সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন বলেও তিনি জানান। দুই ছেলেকে নিয়ে তিনি চৌগাছায় থাকেন।’
এ ব্যাপারে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সারোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমরা খোঁজখবর নিচ্ছি। তাদের কারও কাছে মোবাইল ফোন নেই। এ কারণে আমরা এখনো ঠিক বুঝতে পারছি না।’