ঘরে বসে অধ্যক্ষের ছেলের পরীক্ষা!
ছলচাতুরী করে বাড়িতে বসে দাখিল পরীক্ষা দেওয়া হলো না সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সামসুল আলমের ছেলে মাহমুদুল হাসানের। এ ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের ছাত্র না হওয়া সত্ত্বেও সামসুল আলম কৌশলে মাহমুদুলের নিবন্ধনসহ পরীক্ষার ফরম পূরণ করেন। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষায় মাহমুদুল অংশ নেওয়া শুরু করে। তবে বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছিল সে। ১৭ ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষার দিন বিষয়টি জানাজানি হয়।অভিযোগ পাওয়া গেছে, প্রতিদিন পরীক্ষা শুরুর পর অধ্যক্ষ পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা তাঁর এক বিশ্বস্ত শিক্ষককে দিয়ে প্রশ্ন ও উত্তরপত্র বাড়িতে পাঠিয়ে দিতেন। পরীক্ষা শেষ হলে একই শিক্ষককে দিয়ে উত্তরপত্র এনে বোর্ডে পাঠিয়ে দিতেন। অধ্যক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে কেন্দ্রের আসন বিন্যাসও করেন। এই তালিকায় ছেলের রোল উল্লেখ করা হয়নি। এদিকে পরীক্ষার উপস্থিতির তালিকায় গত পরীক্ষাগুলোয় ছেলের সই না থাকলেও গত মঙ্গলবার তাঁকে অনুপস্থিত দেখিয়ে তালিকা প্রস্তুত করা হয়।অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান সাংবাদিকদের উপস্থিতিতে অধ্যক্ষের কাছে পরীক্ষার্থীর পরিচয় জানতে চান। প্রথমে অধ্যক্ষ মাহমুদুলের পরিচয় গোপনের চেষ্টা করলেও পরে নিজের ছেলে বলে পরিচয় দেন।অধ্যক্ষ জানান, ফরম পূরণ করলেও তাঁর ছেলে আর পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার কথা তিনি অস্বীকার করে জানান, অনুপস্থিত থাকায় তালিকায় তার স্বাক্ষর সংযোজন করা হয়নি। পরে কেন স্বাক্ষর সংযোজন করা হলো, এ বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। অধ্যক্ষ দাবি করেন, আসন বিন্যাস করেছেন কেরানিরা। বেঞ্চ কম থাকায় দু-একজনের রোল নম্বর আসনবিন্যাস থেকে বাদ পড়ে যেতে পারে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।