ঘরে বসে নকল অ্যান্টিবায়োটিক তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তোপখানা রোডের একটি বাসায় গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেন l ছবি: প্রথম আলো
রাজধানীর তোপখানা রোডের একটি বাসায় গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেন l ছবি: প্রথম আলো

রাজধানীর তোপখানা রোডের বাসায় বসেই নকল অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতেন আমিনুল এহসান। একসময় ওষুধ কোম্পানির চাকুরে আমিনুল সাড়ে তিন বছর ধরে এ কাজ করছেন। এর মধ্যে অনেকগুলো শিশুদের ওষুধ।
গতকাল বুধবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত আমিনুলের বাসায় অভিযান চালিয়ে প্রচুর নকল ওষুধ, ওষুধ তৈরির উপকরণ ও মোড়ক (লেবেল) উদ্ধার করেন। আমিনুলকে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। সঙ্গে ছিলেন র‌্যাব-২-এর উপপরিচালক দিদারুল আলম ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. আজিজউল্লা।
র‌্যাব জানায়, তোপখানা রোডের বাসার নিচতলার তিনটি কক্ষ বাইরে থেকে তালা মেরে ভেতরে ওষুধ তৈরি করতেন আমিনুল। মূলত সস্তা কিছু ওষুধ কিনে তিনি সেগুলোর গায়ে ডুরাসেফ, নাডাসেফ, ফিক্সসেফ, সিমক্স, সেফক্স নামের প্রচলিত উচ্চমানের অ্যান্টিবায়োটিক ওষুধের লেবেল লাগিয়ে বিক্রি করতেন। প্রতি সপ্তাহে প্রায় এক লাখ টাকার ওষুধ তিনি মিটফোর্ড ওষুধ মার্কেটে সরবরাহ করতেন।