ঘরে বসে নির্বাচন করার দিন শেষ: কাজী ফিরোজ
রাজধানীর যানজট, জলজট ও চিকুনগুনিয়ার প্রকোপের দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, সব প্রশ্নের জবাব দিয়ে সামনের নির্বাচন করতে হবে। আগের বারের মতো ঘরে বসে নির্বাচন করার দিন শেষ হয়ে গেছে।
আজ বুধবার কাজী ফিরোজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন।
জাপার এই নেতা বলেন, রাজধানীতে এখন তীব্র যানজট। সামান্য বৃষ্টি হলে সব রাস্তা ডুবে যায়। দোকানে পানি ঢোকে। গাড়ি বন্ধ হয়ে যায়। সুয়ারেজের সঙ্গে বৃষ্টির পানির একাকার হয়ে যায়। অর্ধেক রাস্তায় আবর্জনা ফেলা হয়। দুর্গন্ধে মানুষ হাঁটতে পারে না। সিটি করপোরেশনের সব ময়লা রাস্তার ওপর রেখে দেয়। তিনি প্রশ্ন রাখেন, মানুষ কোথায় হাঁটবে, গাড়ি কোথায় চলবে? কার কাছে সমাধান?
ফিরোজ রশীদ বলেন, এর মধ্যে মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। মন্ত্রী (স্বাস্থ্যমন্ত্রী) বললেন ভয় নেই। মশা মারলেন না। ওষুধ দিলেন না। এখন বলেন ভয় নেই। তিনি অভিযোগ করেন, রাজধানীতে মশা মারার কোনো উদ্যোগ তিনি দেখেননি।
সবকিছু প্রধানমন্ত্রীকে দেখতে হলে এত মন্ত্রী, সিটি করপোরেশন, সাংসদের কাজ কী—এমন প্রশ্ন তোলেন ফিরোজ রশীদ। বলেন, কাউকে জবাবদিহি করতে হয় না। সামনে নির্বাচন, জনগণ জবাবদিহি করবে। সব প্রশ্নের জবাব দিয়ে ভোট করতে হবে। তিনি বলেন, ‘জনগণকে পাত্তাই দিচ্ছেন না। মনে করলেন আগের নির্বাচনের মতো ঘরে বসে নির্বাচন করবেন? সেই দিন শেষ হয়ে গেছে।’