ঘরে বসে ফুচকা খেতে চান, আছে 'ফুচকাওয়ালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুসকা। ফাইল ছবি
ফুসকা। ফাইল ছবি

ফুচকা খেতে ইচ্ছে করছে। কিন্তু বাইরে যাওয়ার সুযোগ নেই। তাহলে কি ফুচকার স্বাদ নেওয়ার ইচ্ছা অপূর্ণ থেকে যাবে? উত্তরটি হচ্ছে ‘না’। কারণ, ঘরে বসে ফুচকা খাওয়ার ইচ্ছা পূরণ করবে ‘ফুচকাওয়ালা’। অবশ্য আপাতত কেবল রামপুরার বনশ্রীবাসীই ফুচকাওয়ালার এই সেবা পাবেন।

ঘরে ফুচকা পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠান ‘ফুচকাওয়ালা’। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের নাম ফুচকাওয়ালা। গত ‍শুক্রবার বিকেল পাঁচটা থেকে অনলাইনে ও ফোনে ফরমাশ নেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিদিনই গ্রাহকেরা ফুচকার অর্ডার দিতে পারবেন। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বাসায় ফুচকা পৌঁছে দেওয়া হয়। প্রতি প্লেটের দাম ৮০ টাকা। এক প্লেটে ফুচকা থাকে ১০টি। ফুচকার স্টাফিং (ফুচকার ভেতরে থাকা আলু ও ডালের তৈরি মসলাদার উপাদান) দেওয়ার জন্য ব্যবহার করা হয় স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ। আর ফুচকা থাকে প্লাস্টিকের জিপ লক ব্যাগে। টক দেওয়া হয় ২০০ মিলিলিটারের বোতলে।

ফুচকাওয়ালার কাছে মিলছে তিন ধরনের ফুচকা। রেগুলার ঝাল-টক, রেগুলার মিষ্টি-টক ও শিশুদের জন্য কম ঝালের ফুচকা।

ফুচকাওয়ালার ফেসবুক পেজে জানানো হয়, ঘরে বসে ফুচকার স্বাদ নিতে অনলাইনে ফুচকার ফরমাশ দিতে হবে। এ জন্য যেতে হবে ফুচকাওয়ালার ফেসবুক পেজে। মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে ফরমাশ দিতে হবে। এ ছাড়া ফোন করেও ফুচকার ফরমাশ দেওয়া যাবে। এরপর ফুচকা পৌঁছে যাবে ক্রেতার ঘরে। ফুচকা বুঝে নিয়ে ক্রেতা মূল্য পরিশোধ করবেন।


প্রাথমিকভাবে কেবল বনশ্রীতেই ফুচকা সরবরাহ করছে ফুচকাওয়ালা। তবে চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে অন্য এলাকায়ও ফুচকা পাঠানো হবে। এ ছাড়া বেড়ানোর জায়গাগুলোতে দোকান দেওয়ার কথাও ভাবছে প্রতিষ্ঠানটি।

ফুচকাওয়ালার উদ্যোক্তা তিনজন। তাঁদের একজন তারেক রহমান সিদ্দিকী। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা ফুচকা তৈরির শুরু থেকে সরবরাহ পর্যন্ত—সব পর্যায়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ করেন।

তারেক রহমান সিদ্দিকী আরও বলেন, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফুচকা বিক্রির জন্য ছোট বুথ করার উদ্যোগ নেবেন তাঁরা। এ ছাড়া গায়েহলুদ, বিয়ে, জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠান ও করপোরেট অনুষ্ঠানেও ফুচকার ফরমাশ নেবেন তাঁরা।

অনলাইনে অর্ডার দিয়ে ঘরে ফুচকা পেয়ে আনন্দিত মফিজুর রহমান নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘ঘরে ফুচকা পৌঁছে দেওয়ার বিষয়টি অভিনব। ভালো লেগেছে ফুচকার স্বাদ। এ ছাড়া পাঠানোর পদ্ধতি এবং ব্যাগও তাঁর পছন্দ হয়েছে।’