ঘরে বসে বাইরের খাবার
বাসায় রান্নাবান্না করতে ইচ্ছে করছে না! যানজটের ভয়ে রেস্তোরাঁয় খেতে যাবেন কি না দ্বিধায় আছেন! আপনার এই সংকটের সমাধান করে দিতে পারে অনলাইন। বাড়তি কোনো টাকা খরচ না করে ঘরে বসেই আপনি খেতে পারেন আপনার পছন্দের রেস্টুরেন্টের খাবার।
ঢাকায় এ মুহূর্তে তিনটি প্রতিষ্ঠান আছে, যারা অনলাইনে খাবারের অর্ডার নিয়ে বাসায় পৌঁছে দেয়। এগুলো হলো হাঙ্গরিনাকি, ফুডপান্ডা ও ফুডমার্ট। তবে তারা নিজেরা কোনো খাবার তৈরি করে না। আপনি যে এলাকায় আছেন, সেই এলাকারই কোনো নামকরা রেস্টুরেন্টের খাবার পৌঁছে দেবে আপনার বাসায়। অনলাইন ছাড়াও মোবাইল অ্যাপস কিংবা মুঠোফোনে অর্ডার দিয়েও খাবার মিলবে। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, দিন দিনই অনলাইনে খাবারের চাহিদা বাড়ছে। অর্ডার দেওয়ার পর ঘণ্টা খানেকের মধ্যেই খাবার পৌঁছে যায়।
অবশ্য পিৎজা হাট, কেএফসিসহ কিছু প্রতিষ্ঠান নিজেদের গাড়িতে খাবার পৌঁছে দেয়।
হাঙ্গরিনাকির কর্ণধারেরা জানালেন, অনলাইনে অর্ডার নিয়ে বাসাবাড়িতে খাবার পৌঁছে দেওয়ার কাজটি তাঁরাই প্রথম শুরু করেছিলেন। প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক সাইফুল ইমাম বলেন, ২০১৩ সালের অক্টোবরে মাত্র পাঁচটা বাইসাইকেল আর ১০টা মোটরসাইকেল নিয়ে তাঁরা কাজ শুরু করেন। এখন তাঁদের ৮০টি মোটরসাইকেল আছে। কেবল ঢাকা নয়, চট্টগ্রাম ও সিলেটে কাজ করছেন তাঁরা।
সাইফুল ইমাম বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরের সাড়ে সাত শ নামী রেস্তোরাঁর সঙ্গে তাঁরা কাজ করেন। তিনি বলেন, তাঁরা ঢাকাকে আটটি ভাগে ভাগ করেছেন। যেকোনো জায়গায় ওই এলাকার রেস্টুরেন্ট থেকে খাবার পৌঁছাতে তাঁদের সময় লাগে এক ঘণ্টা। তিনি জানান, বিশেষভাবে খাবার পৌঁছে দেওয়া হয়, যাতে গরম খাবার গরম থাকে; আবার ঠান্ডা খাবার থাকে ঠান্ডা।
ফুডপান্ডা বাংলাদেশের বিপণনপ্রধান সাকেরিনা খালেদ জানান, ২০১৩ সালের নভেম্বর থেকে তাঁরা কাজ শুরু করেছেন। সাড়ে ছয় শ রেস্টুরেন্টের সঙ্গে তাঁদের চুক্তি আছে। গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, মতিঝিল, মিরপুর—সব জায়গায় তাঁরা খাবার পৌঁছে দেন। প্রতিদিন এক হাজার লোক এভাবে খাবার নিচ্ছেন বলে তিনি জানান। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
তবে ফুডমার্টের খাবার সরবরাহ এখনো শুধু ঢাকা মহানগরেই সীমাবদ্ধ বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘২০১৪ সালের নভেম্বর থেকে আমরা কাজ শুরু করেছি। ঢাকার প্রায় সাড়ে চার শ রেস্তোরাঁর খাবার আমরা সরবরাহ করি। একজনের যে এলাকায় বাসা, আমরা সেখানকার খাবার দিই। তবে বেশি লোকের অর্ডার হলে আমরা অন্য এলাকার খাবারও পৌঁছে দিই।’
তিনটি প্রতিষ্ঠানের বক্তব্য, ঢাকায় কাজ করার ক্ষেত্রে একটি বড় সমস্যা যানজট। যানজট না থাকলে আরও দ্রুত খাবার পৌঁছানো যেত। অনলাইনে অর্ডার দিলে খরচ বেশি পড়ে কি না জানতে চাইলে তিন প্রতিষ্ঠানই জানাল, রেস্টুরেন্টে যে দাম, অনলাইনেও তাই। বাড়তি কোনো টাকা লাগে না। আর এখন খাবার পৌঁছে দেওয়ার জন্য ৫০ থেকে ১০০ টাকা ফি থাকলেও বেশির ভাগ সময়েই তা নেওয়া হচ্ছে না। ঢাকার কোন এলাকার লোকজন অনলাইনে বেশি খাবার নিচ্ছেন জানতে চাইলে তাঁরা জানাল, গুলশান ও ধানমন্ডির লোকজনই বেশি নিচ্ছেন।
কেউ যদি এভাবে খাবার চান, তাহলে প্রতিষ্ঠানগুলোর অনলাইনে গিয়ে আপনার এলাকা নির্দিষ্ট করুন। এরপর যে ধরনের খাবার চান, যে রেস্টুরেন্টের খাবার চান, সেটি নির্দিষ্ট করে অর্ডার দিন। আপনি চাইলে অনলাইনে যেমন বিল দিতে পারেন, তেমনি বাসায় পৌঁছানোর পরেও বিল দিতে পারেন। অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। এরপরেই তারা যোগাযোগ করবে রেস্টুরেন্টের সঙ্গে।
যোগাযোগের ঠিকানা: হাঙ্গরিনাকি (www.hungrynaki.com.bd), ফুডপান্ডা (www.foodpanda.com.bd), ফুডমার্ট (www.foodmart.com.bd)।