ঘরে বসেই প্যাথলজি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমরায় রোগীর বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করছেন ইজি প্যাথের এক কর্মী।  প্রথম আলো
ডেমরায় রোগীর বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করছেন ইজি প্যাথের এক কর্মী। প্রথম আলো

রাজধানীতে পরিবহন, চিঠিপত্রসহ বিভিন্ন জিনিস, খাবার এবং অন্য অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য এখন আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ছুটতে হয় না। চাহিদা অনুযায়ী অনেক সেবাই হাতের নাগালে পৌঁছে যায় একটা ফোন কলের মাধ্যমে। কিন্তু স্বাস্থ্য খাতে এমন সেবা এখনো ব্যাপকভাবে চালু হয়নি। বিশেষত রক্ত, কফ, মূত্র এমন প্যাথলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে ঘরে বসে সেবা পাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি। ‘ইজি প্যাথ’ নিয়ে এল সেই সুবিধা।

এখন আর প্যাথলজি পরীক্ষার জন্য ভিড় ঠেলে শহরের হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে না। ঘরে বসেই ফোন করে এই সেবা পাওয়া যাবে। ফোন কলের মাধ্যমে নির্ধারিত সময়ে ইজি প্যাথের দক্ষ কর্মীরা পৌঁছে যান রোগীর বাসায়। পরীক্ষার নমুনা সংগ্রহ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবরোটারিসহ প্রয়োজন অনুসারে দেশের অন্যান্য বেসরকারি হাসপাতালের ল্যাবরেটরি থেকে প্রয়োজনীয় পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টও  পৌঁছে দেন।

ইজি প্যাথের উদ্যোক্তা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম ফিরোজ জানান, পরীক্ষামূলকভাবে ২০১৭-এর ফেব্রুয়ারি মাস থেকে এই ‘ইজি প্যাথ’-এর সেবা চালু করা হয়েছে। বেশ ভালো সাড়া পাওয়া গেছে। এখন প্রতিদিন তাঁরা ৫০-৬০ জন রোগীর নমুনা সংগ্রহ করছেন। নিয়মিতভাবে তিনজন দক্ষ কর্মী নমুনা সংগ্রহের কাজ করছেন।

টেলিফোন করার পর রোগীর কাছে প্রতিটি পরীক্ষার নির্ধারিত মূল্য জানানো হয়। এর সঙ্গে বাসার দূরত্ব অনুসারে শতকরা ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত সেবামূল্য যোগ করা হয়। ইজি প্যাথের আরেক উদ্যোক্তা মোহাম্মদ ইব্রাহীম পাটোয়ারী জানান, এই সেবা চালু করার ফলে রোগীদের হাসপাতালের লাইন দিয়ে অপেক্ষা করতে হয় না। বিশেষ করে বৃদ্ধ বা গুরুতর অসুস্থ রোগীদের ভোগান্তি লাঘব হয়। 

 উদ্যোক্তারা জানালেন, নমুনা সংগ্রহকারীদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে সেবার মান নিশ্চিত করা হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ব্যবহৃত টিউব, সিরিঞ্জ—সবকিছুই কেনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে।

সঞ্জয় বিশ্বাসের বাড়ি যাত্রাবাড়ী। তাঁর ৬৫ বছর বয়সী বাবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসতে হতো। হাসপাতালের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা তাঁর জন্য কষ্টকর ছিল। এই পর্যন্ত তিনবার তিনি তাঁর বাবার স্বাস্থ্য পরীক্ষা ইজি প্যাথের মাধ্যমে করছেন। ঝামেলাহীন এই সেবায় তিনি সন্তুষ্ট বলেই জানান।

পারভীন আক্তার থাকেন ঢাকার গেন্ডারিয়ায়, তাঁর মায়ের বাসা নারায়ণগঞ্জের পাগলায়। মায়ের কিডনিতে সমস্যা। প্রায়ই রক্ত ও অন্যান্য পরীক্ষা করাতে হয়। আগে ঢাকায় এসে পরীক্ষা করাতেন। এখন ইজি প্যাথের সেবা নিচ্ছেন। পারভীন বললেন, এখন তাঁর মায়ের যাতায়াতের ধকল নেই, পরীক্ষা করানো নিয়ে ঝক্কিঝামেলাও কমেছে।

 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের সভাপতি, অধ্যাপক অসীম রঞ্জন বড়ুয়া বলেন, ইজি প্যাথের সঙ্গে বিএসএমএমইউর সরাসরি সম্পৃক্ততা নেই। তবে বেসরকারি পর্যায়ে এটি একটি ভালো ও সময়োপযোগী উদ্যোগ।

ইজি প্যাথের সব তথ্য তাদের ফেসবুক পেজে পাবেন আগ্রহীরা। সরাসরি তাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন আয়শা মোশারফ সুপার মার্কেট, ৪র্থ তলা, শনির আখড়ায়। ফোনে যোগাযোগ করতে পারেন ০১৭৩-২৯৯২৫৫১, ০১৭৩- ২৯৯২৪১৭ নম্বরে। সপ্তাহের ৬ দিন ঢাকার যেকোনো জায়গা থেকেই নমুনা সংগ্রহ করা হয়।